কেন অক্টোবর-নভেম্বর এলেই ফুঁসে ওঠে বঙ্গোপসাগর? সিডর থেকে ভোলা—ভয়াল সব ঘূর্ণিঝড়ের নেপথ্যে আসল কারণ কী?

১৫ই নভেম্বর ২০০৭। বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলে আছড়ে পড়েছিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘সিডর’। ঘণ্টায় ২২৩ কিলোমিটার গতির বাতাস আর ১৫-২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে মুহূর্তেই তছনছ হয়ে যায় উপকূলীয় জনপদ। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ছয় হাজার বলা হলেও রেডক্রসের মতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১০ হাজার মানুষ। তবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চলেছিল ১৯৭০ সালের ১২ই নভেম্বর। ‘দ্য গ্রেট ভোলা সাইক্লোন’ নামে পরিচিত ওই ঝড়ে ২২৪ কিলোমিটার গতির বাতাস ও ১০-৩৩ ফুট জলোচ্ছ্বাসে ভোলা ও চট্টগ্রাম অঞ্চলে তিন থেকে পাঁচ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল, যাকে বিশ্ব আবহাওয়া সংস্থা ইতিহাসের শক্তিশালী সাইক্লোন হিসেবে চিহ্নিত করেছে।
শুধু ভোলা বা সিডর নয়, ২০১৯ সালের ১০ই নভেম্বর ১২০ কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘বুলবুল’, ২০২২ সালের ২৪শে অক্টোবর পটুয়াখালীতে আছড়ে পড়া ‘সিত্রাং’ (যাতে ৩৫ জনের মৃত্যু হয়) কিংবা ২০২৩ সালের ১৭ই নভেম্বরের ‘মিধিলি’—গত অর্ধ শতাব্দীর পরিসংখ্যান বলছে, বঙ্গোপসাগরের সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর অধিকাংশই আঘাত হেনেছে অক্টোবর ও নভেম্বর মাসে। চলতি নভেম্বরের শুরুতেও ঘূর্ণিঝড় ‘মুরাসু’ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে এবং বর্তমানে সাগরে আরও একটি প্রবল ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে মূলত এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বর—এই দুই মৌসুমে ঘূর্ণিঝড় বেশি তৈরি হলেও বর্ষা-পরবর্তী অক্টোবর-নভেম্বরেই এর প্রবণতা ও তীব্রতা থাকে সর্বাধিক। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, এই সময়ে সাগরে তৈরি হওয়া নিম্নচাপ প্রায়ই ‘সিভিয়ার’ বা ‘সুপার সাইক্লোনে’ রূপ নেয়। এর পেছনে তিনটি প্রধান বৈজ্ঞানিক কারণ কাজ করে। প্রথমত, বর্ষা শেষে বঙ্গোপসাগরে সূর্যের তাপ সরাসরি পড়ায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে এবং সমুদ্রের গভীরেও প্রচুর তাপ সঞ্চিত থাকে। দ্বিতীয়ত, উষ্ণ সমুদ্র থেকে প্রচুর জলীয়বাষ্প তৈরি হয়ে বাতাসে আর্দ্রতা বাড়ায়, যা ঘূর্ণিঝড়ের প্রধান জ্বালানি বা শক্তির উৎস হিসেবে কাজ করে। তৃতীয়ত, নভেম্বর মাসে সমুদ্রপৃষ্ঠ ও ওপরের বায়ুমণ্ডলের বায়ুপ্রবাহের উল্লম্ব তারতম্য অনেকটাই কমে আসে। ফলে ওপরের দিকে ওঠা বাতাসের ঘূর্ণন ও মেঘের কাঠামো সহজে ভেঙে না গিয়ে নিম্নচাপকে দ্রুত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে সাহায্য করে।