কুণাল ঘোষের বড় জয়! হাইকোর্টের অবমাননা মামলায় বড়সড় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিমসহ একাধিক আইনজীবীর চেম্বার ঘেরাওয়ের বিতর্কিত ঘটনায় বড় স্বস্তি পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চের দেওয়া দোষী সাব্যস্তের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি. পারদিওয়ালার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে কুণাল ঘোষ লিখেছেন, “কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় তিন বিচারপতির বেঞ্চ আমার বিরুদ্ধে দোষী সাব্যস্তের যে রায় দিয়েছিল, সোমবার সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করে সেই রায়ের উপর স্থগিতাদেশ দিল।” পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তিনি আরও জানান, হাইকোর্টের রায়ে তিনি ন্যায়বিচার পাননি বলেই উচ্চ আদালতের দারস্থ হয়েছিলেন।
আইনজীবী শম্ভু নন্দী জানান, কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রণোদিত (Suo Motu) মামলায় কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করে সাজা শোনানো হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়, যেখানে আদালত স্বস্তিজনক এই স্থগিতাদেশ দেয়।
উল্লেখ্য, এসএসসি-র শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বেআইনি নিয়োগের অভিযোগে একসময় হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। এই মামলায় চাকরিপ্রার্থীদের একাংশের পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছিলেন, কার নির্দেশে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে তা লিখিতভাবে জানাতে হবে। এরপরই চাকরিপ্রার্থীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন এবং কুণাল ঘোষের নেতৃত্বে আইনজীবী শামীম ও বিকাশের চেম্বার ঘেরাও করে বিক্ষোভ দেখান বলে অভিযোগ ওঠে। আইনজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে অবমাননার মামলা রুজু করে। সেই মামলায় এর আগে কুণালকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, যা বর্তমানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে স্থগিত রয়েছে।