কানপুরে ১০ কোটির ল্যাম্বরগিনির তাণ্ডব! প্রভাবশালী তামাক ব্যবসায়ীর ছেলের কুকীর্তি ঢাকছে পুলিশ?

কানপুরের রাস্তায় ফের গতি ও প্রতিপত্তির আস্ফালন! প্রায় ১০ কোটি টাকার বিলাসবহুল ল্যাম্বরগিনি নিয়ে ফুটপাথবাসীদের পিষে দেওয়ার অভিযোগ উঠল কানপুরের নামী তামাক ব্যবসায়ী কে কে মিশ্রর ছেলে শিবম মিশ্রর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন শিবম। তাঁর বেপরোয়া গতির ধাক্কায় একাধিক পথচারী গুরুতর জখম হয়েছেন। পরিস্থিতি এমন ছিল যে, একটি বাইককে ধাক্কা মারলে আরোহী শূন্যে প্রায় ১০ ফুট লাফিয়ে ছিটকে পড়েন।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পুলিশি ভূমিকা নিয়ে। সূত্রের খবর, এফআইআর-এ মূল অভিযুক্ত শিবম মিশ্রর নাম এবং পরিচয় রহস্যজনকভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এমনকি থানায় ঘাতক গাড়িটিকে ঢেকে রাখা হয়েছে এবং সেখানে পুলিশের বদলে অভিযুক্তের ব্যক্তিগত বাউন্সাররা পাহারা দিচ্ছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, দুর্ঘটনার পর কালো পোশাক পরা একদল বাউন্সার এসে ল্যাম্বরগিনি থেকে শিবমকে নামিয়ে এলাকা থেকে পালানোর চেষ্টা করছেন। স্থানীয়রা বাধা দিতে গেলে বাউন্সাররা তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ।

উল্লেখ্য, এই শিবম মিশ্র এবং তাঁর বাবার সংস্থা ‘বংশীধর টোব্যাকো’ ২০২৪ সালেও সংবাদ শিরোনামে এসেছিল। আয়কর হানা দিয়ে সে সময় তাঁদের বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকার একগুচ্ছ বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। মজার বিষয় হলো, প্রতিটি গাড়ির নম্বর প্লেট ছিল ‘৪০১৮’। রবিবারের দুর্ঘটনায় ব্যবহৃত ল্যাম্বরগিনিটিও ছিল সেই তালিকার অংশ। এত বড় দুর্ঘটনার পরেও প্রভাবশালীর নাম আড়াল করার চেষ্টায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।