রাঁচিতে মেয়েদের জন্য নতুন স্কুল গড়ছেন সারা তেন্ডুলকর! সঙ্গে সানিয়া চান্ডোকও!

ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর সমাজসেবামূলক কাজে নতুন পদক্ষেপ নিয়ে রাঁচিতে মেয়েদের শিক্ষার প্রসারে একটি নতুন স্কুল তৈরির ঘোষণা করেছেন। এই উদ্যোগে তাঁর সঙ্গে রয়েছেন ভাই অর্জুন তেন্ডুলকরের স্ত্রী সানিয়া চান্ডোক। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের (STF) সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইয়ুওয়া’ (Yuwa)-র সঙ্গে যৌথভাবে এই স্কুল নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হবে।

সম্প্রতি রাঁচির ইয়ুওয়া স্কুল পরিদর্শনে যান সারা ও সানিয়া, যেখানে তাঁরা পড়ুয়াদের সঙ্গে সময় কাটান, কথা বলেন এবং তাদের জীবনের নানা অভিজ্ঞতা শোনেন। শিক্ষা, ফুটবল ও জীবনদক্ষতা বৃদ্ধির কর্মসূচি কীভাবে মেয়েদের আত্মবিশ্বাসী করে তুলছে, তা সরেজমিনে দেখার পরই নতুন স্কুলের ঘোষণা দেন সারা। তিনি জানান যে সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন ও ইয়ুওয়া মিলে এখানে মেয়েদের জন্য নতুন স্কুল তৈরি করতে চলেছে এবং এই ঘোষণা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর কথায়, প্রায় দু’বছর আগে বাবা-মা সচিন ও অঞ্জলি তেন্ডুলকর এই স্কুল পরিদর্শনে এসেছিলেন এবং এখানকার মেয়েদের আত্মবিশ্বাস তাঁদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।

ইয়ুওয়ার কাজের ভূয়সী প্রশংসা করে সারা বলেন, এই মেয়েদের সম্ভাবনা দেখে তাঁরা অনুপ্রাণিত এবং ভবিষ্যতে তারা আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদী। তাঁর ভাষায়, মেয়েদের সামনে পুরো আকাশ পড়ে রয়েছে এবং তারা কী কী করতে পারে তা দেখার অপেক্ষায় রয়েছেন তাঁরা। অন্যদিকে, সানিয়া চান্ডোকও মেয়েদের উদ্যম ও আত্মবিশ্বাসের প্রশংসা করে জানান, ফুটবল ও শিক্ষার মধ্য দিয়ে কীভাবে তারা বড় স্বপ্ন দেখতে শিখছে, তা দেখে তিনি মুগ্ধ।

উল্লেখ্য, গত প্রায় তিন বছর ধরে সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছে ইয়ুওয়া। ঝাড়খণ্ডের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মেয়েদের পাশে দাঁড়ানোই এই সংস্থার মূল লক্ষ্য, যেখানে ফুটবলকে মাধ্যম করে নেতৃত্বের দক্ষতা, আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা গড়ে তোলার পাশাপাশি শিক্ষার সুযোগ তৈরি করা হয়।