কলকাতার বুকে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান কেন? নজরুল মঞ্চ থেকে যাদবপুর নিয়ে চরম ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর!

নজরুল মঞ্চের একটি অনুষ্ঠান থেকে কলকাতার রাস্তায় ‘আজাদি’ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের স্লোগান প্রসঙ্গে তীব্র ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও বলিদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন, ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর কলকাতার বুকে এই ধরনের স্লোগান বরদাস্ত করা যায় না কেন?

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, দেশের বাইরে শত্রু তো রয়েছেই, তবে দেশের ভিতর থেকে যখন কলকাতার রাস্তায় ‘আজাদি’ স্লোগান শোনা যায়, তখন তা অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে কাশ্মীরের সঙ্গে দেশের দীর্ঘ লড়াই ও বহু জওয়ানের বলিদানের কথা উল্লেখ করে তিনি বলেন, যে কাশ্মীরের জন্য পাকিস্তানের সঙ্গে এত যুদ্ধ হয়েছে, কলকাতার রাস্তায় সেই কাশ্মীর নিয়ে এই ধরনের স্লোগান লেখা অত্যন্ত পীড়াদায়ক।

ভাষণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গও জোরালোভাবে তোলেন মুখ্যমন্ত্রী। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুরের কলাবিভাগের দেওয়ালে ‘রেড স্যালুট কিষেণজি’ লেখার তীব্র সমালোচনা করে তিনি নতুন প্রজন্মকে কী শিক্ষা দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন। যাদবপুরের অতীতের বামপন্থী শাসন এবং পরবর্তীতে বিভিন্ন শক্তির প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একশ্রেণির মানুষ যাদবপুরের মতো উৎকর্ষ কেন্দ্রগুলিতে এমন এক মানসিকতা তৈরি করেছিল, যা জাতীয়তাবাদ, দেশপ্রেম ও বাঙালি পরম্পরার সম্পূর্ণ পরিপন্থী। স্বাধীনতা দিবস বা দেশের ঐতিহ্যকে দূরে সরিয়ে রেখে ভিনদেশি বা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।