কংগ্রেস চাইল ১০০ আসন, সপা দিল মাত্র ২৬! ইউপি ভোটে আসন রফা কোন দিকে?

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসন বণ্টন চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের বৈঠকে বসল কংগ্রেস ও সমাজবাদী পার্টি (সপা)। তবে জোটের আসন সংখ্যা নিয়ে দুই দলের মধ্যে বড়সড় ফারাক তৈরি হয়েছে। যেখানে কংগ্রেস প্রায় ১০০টি আসনের দাবি জানাচ্ছে, সেখানে সমাজবাদী পার্টি আপাতত কংগ্রেসের জন্য ২৬টি আসনের প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার বৈঠকের আগে সপা-র সাধারণ সম্পাদক রাম গোপাল যাদব জানান, জোটের শরিক হিসেবে আপাতত কংগ্রেসের জন্য ২৬টি আসন চূড়ান্ত করার প্রস্তাব রাখা হয়েছে। এই ২৬টি আসনের মধ্যে ২টিতে আগের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল এবং ৪টিতে দ্বিতীয় স্থানে ছিল। বাকি ২০টি আসনে পূর্ববর্তী নির্বাচনে সপা ৬০ থেকে ৭০ হাজার ভোট পেলেও কংগ্রেস পেয়েছিল মাত্র ২ হাজার ভোটের আশেপাশে। তা সত্ত্বেও জোটের স্বার্থে সপা ওই আসনগুলি ছাড়তে রাজি হয়েছে বলে দাবি করেছেন রাম গোপাল যাদব।

অন্যদিকে, আসন চাহিদার অঙ্কে বদল এনেছে কংগ্রেসও। সূত্রের খবর, দ্বিতীয় দফার আলোচনার আগে কংগ্রেস তাদের দাবি ১৮১ থেকে কমিয়ে ১৩০-এর ঘরে এনেছিল এবং বর্তমানে প্রায় ১০০ আসনের পাশাপাশি ‘ক্যাটাগরি এ’ আসনের দাবি বাড়িয়ে ৬৮-৭০টি করেছে। যদিও কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ জানিয়েছেন, জোটে আসন চাওয়া নয়, বরং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই আলোচনা এগোচ্ছে।

রাম গোপাল যাদব স্পষ্ট করেছেন যে, এই ২৬টি আসনের প্রস্তাব এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আসন বণ্টন নিয়ে আলোচনা এখনও চলবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই জোটের চূড়ান্ত রূপরেখা তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদী সপা নেতৃত্ব। এর আগে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট ৪৩টি আসনে জয় পেয়েছিল— যেখানে সপা ৩৭টি এবং কংগ্রেস ৬টি আসনে জেতে। সেই সাফল্যের পর ৪০০ আসনের বিধানসভায় জোটের আসন রফা কীভাবে হয়, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।