ওলা-আথার-টিভিএসকে কড়া টক্কর দিতে তৈরি ভিনফাস্ট! ২০২৭ সালে দেশে আসছে ৩টি ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিস্তারিত

ভিয়েতনামের বিখ্যাত ইলেকট্রিক ভেহিকল (EV) সংস্থা ভিনফাস্ট ২০২৭ সালের মধ্যে ভারতের বাজারে তিনটি নতুন ইলেকট্রিক স্কুটার আনার পরিকল্পনা করেছে। ভিয়েতনামের মডেলের ওপর ভিত্তি করে এগুলি তৈরি হলেও, ভারতের রাস্তার অবস্থা ও ক্রেতাদের প্রয়োজন মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল আনা হবে। এন্ট্রি-লেভেল ইভো (Evo), ফ্যামিলি স্কুটার কিও (Kyo) এবং হাই-পারফরম্যান্স কিনেট (Kinet) নির্ভর মডেল দিয়ে ভারতীয় বাজারে জোরদার লড়াই শুরু করতে চাইছে সংস্থাটি। পাশাপাশি দেশজুড়ে ডিলারশিপ নেটওয়ার্ক ও চার্জিং পরিকাঠামো তৈরির কাজও এগিয়ে চলেছে।
ভারতে ভিনফাস্টের সবচেয়ে সাশ্রয়ী স্কুটার হতে পারে ইভো নির্ভর মডেলটি। ভিয়েতনামের সংস্করণে এটি ৩ বিএইচপি ক্ষমতার হাব-মাউন্টেড মোটর ও ঘণ্টায় ৭০ কিমি টপ স্পিডসহ আসে। এতে ১.৫ কিলোওয়াট আওয়ারের এলএফপি ব্যাটারির পাশাপাশি অতিরিক্ত ১.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি যুক্ত করার সুযোগ রয়েছে। ডাবল ব্যাটারিতে ফুল চার্জে ১৬৫ কিমি পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। ফ্রন্ট ডিস্ক ব্রেক, ১২ ইঞ্চির চাকা, এলসিডি ডিসপ্লে ও ১২ লিটার বুট স্পেসও রয়েছে এই মডেলে। মিড-রেঞ্জ সেগমেন্টে ফ্যামিলি স্কুটার হিসেবে আসতে পারে কিও নির্ভর মডেলটি। ভিয়েতনামের মডেলে ৪ বিএইচপি (৩ কিলোওয়াট) মোটর ও ৭০ কিমি সর্বোচ্চ গতি রয়েছে। ডাবল ব্যাটারি সেটআপে এর দাবি করা রেঞ্জ ১৬০ কিমি। ১৪ ইঞ্চির চাকা, ব্লুটুথ টিএফটি ডিসপ্লে, স্মার্ট কি এবং হিল-হোল্ড অ্যাসিস্টের মতো ফিচারের পাশাপাশি এতে ২১ লিটার আন্ডারসিট স্টোরেজ মিলবে। অন্যদিকে গতি ও পারফরম্যান্সপ্রেমীদের জন্য আসছে প্রিমিয়াম কিনেট নির্ভর মডেল। ৭ বিএইচপি (৫.২ কিলোওয়াট) মোটর ও ডাবল এলএফপি ব্যাটারিযুক্ত এই স্কুটার ঘণ্টায় ৯০ কিমি গতিতে ছুটতে পারে এবং ০ থেকে ৫০ কিমি গতি তুলতে সময় নেয় ৬ সেকেন্ডেরও কম। ফুল চার্জে ১৪৫ কিমি রেঞ্জ, ১৪ ইঞ্চির চাকা, টিএফটি ডিসপ্লে ও ২২ লিটার স্টোরেজসহ এই মডেলে ফুল চার্জ হতে সময় লাগে প্রায় ৯ ঘণ্টা।
ভারতীয় ক্রেতাদের জন্য স্কুটারগুলির চ্যাসিস, স্টাইলিং, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও বুট স্পেসে বদল আনা হবে। এমনকী ভারতের বাজারে মডেলগুলির নামও পরিবর্তিত হতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভিনফাস্ট এই স্কুটারগুলি ভারতেই স্থানীয়ভাবে তৈরি করার পরিকল্পনা করেছে। ২০২৭ সালের লঞ্চকে সামনে রেখে ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৪টি শহরে ডিলারদের সঙ্গে লেটার অফ ইনটেন্ট বা চুক্তির কাজও এগোচ্ছে। বাজারে এলে টিভিএস আইকিউব, বাজাজ চেতক, ওলা এস১ এবং আথার রিজটার মতো স্কুটারকে কড়া টক্কর দেবে ভিনফাস্টের নতুন লাইনআপ।