ওড়ার পরই ভয়ঙ্কর বিপত্তি! চাকা না গুটিয়েই মাঝ আকাশে বিপাকে ইন্ডিগোর বিমান, পুনেতে জরুরি অবতরণ

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেল ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ওড়ার ঠিক পরেই যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে পুনে বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয় গুয়াহাটিগামী ওই বিমানটি। এই আকস্মিক পরিস্থিতিতে পুনে বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তবে পাইলটের সময়োচিত পদক্ষেপ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতার কারণে শেষ পর্যন্ত সমস্ত যাত্রী ও কর্মীরা নিরাপদে রয়েছেন।

জানা গিয়েছে, ইন্ডিগোর ৬ই ০৬২৩ নম্বরের বিমানটি পুনে থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট বুঝতে পারেন যে বিমানের ল্যান্ডিং গিয়ার বা চাকা গুটিয়ে নেওয়া যাচ্ছে না। সেটি আগের অবস্থাতেই বাইরে বেরিয়ে রয়েছে। এই গুরুতর প্রযুক্তিগত ত্রুটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান পাইলট। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুনে বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

জরুরি পরিস্থিতির খবর পাওয়া মাত্রই বিমানবন্দরে দমকলের তিনটি ইঞ্জিন, দুটি অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য জরুরি পরিষেবাকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমানবন্দর কর্তৃপক্ষ, ইন্ডিগো এবং ভারতীয় বায়ুসেনার যৌথ সমন্বয়ে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। নিরাপদে নামার আগে বিমানটি রানওয়ের উপর দিয়ে নিচু দিয়ে একবার উড়ে যায়, যাতে মাটিতে থাকা বিশেষজ্ঞরা বিমানের ল্যান্ডিং গিয়ারের অবস্থা সরাসরি পরীক্ষা করতে পারেন।

সব দিক খতিয়ে দেখার পর সকাল ৯টা ৪ মিনিটে পুনে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। এরপর সমস্ত যাত্রী ও বিমানকর্মীকে অ্যারোব্রিজের মাধ্যমে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। বিমানটিতে থাকা ১৯২ জন যাত্রী ও কর্মীর প্রত্যেকেই সুরক্ষিত আছেন এবং কারও আহত হওয়ার কোনো খবর নেই। বিমানটি নিরাপদ ও স্বাভাবিক অবস্থায় আসার পর সকাল ৯টা ১০ মিনিটে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়।

হঠাৎ এই বিপত্তির কারণে গুয়াহাটিগামী যাত্রীরা পুনে বিমানবন্দরে আটকে পড়েন। তবে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অবিলম্বে বেঙ্গালুরু থেকে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ইন্ডিগো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়ানের ঠিক শুরুতেই প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ায় নিয়ম মেনে বিমানটিকে পুনেতে ফিরিয়ে আনা হয়। বর্তমানে বিমানটি রক্ষণাবেক্ষণ ও পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার মধ্যে রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই এটি আবার যাত্রীবাহী পরিসেবায় ফিরবে। এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থা। পাশাপাশি, বিকল্প বিমানের ব্যবস্থা করার পাশাপাশি যাত্রীদের নিয়মিত আপডেট, খাবার ও পানীয় এবং প্রয়োজনমতো রিফান্ডের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানানো হয়েছে।