একলাফে অ্যাকাউন্টে ঢুকল ৬০ হাজার টাকা! বাংলার লক্ষ লক্ষ উপভোক্তার মুখে হাসি ফুটিয়ে বড় ঘোষণা শুভেন্দুর”

বাংলার গ্রামীণ অর্থনীতি ও আবাস উপভোক্তাদের জন্য এক বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শুক্রবার নবান্ন সভাঘরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তরের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের মঞ্চ থেকে যেমন একদিকে লক্ষ লক্ষ মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করার বড় ঘোষণা করা হয়েছে, তেমনই অন্যদিকে সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতি ও ছুটির প্রবণতা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দ্বিতীয় কিস্তির টাকা ও অতিরিক্ত সহায়তার ঘোষণা

রাজ্য সরকারের নতুন উদ্যোগে এদিন দ্বিতীয় পর্যায়ে রাজ্যের প্রায় ৭ লক্ষ সুবিধাভোগীর হাতে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের উপস্থিতিতে এই টাকা বন্টন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে মোট ৪,২০১ কোটি টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, বাড়ি তৈরির কাজ দ্রুত সম্পন্ন করতে ‘ভিবি জি রামজি’-র কর্মদিবসের মাধ্যমে অতিরিক্ত ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

বালি ও নির্মাণ সামগ্রীর দাম নিয়ে বিশেষ নির্দেশ

বর্তমান বাজারে রড ও সিমেন্টের চড়া দামের বিষয়টি মাথায় রেখে উপভোক্তাদের সুবিধার জন্য বড় পদক্ষেপ করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, আবাস যোজনার উপভোক্তারা যাতে খুব কম দামে বালি পেতে পারেন, সেদিকে কড়া নজর রাখতে হবে। কোনোভাবেই যাতে ১,২০০ টাকার বেশি দামে বালি বিক্রি না হয়, তা নিশ্চিত করতে জেলাশাসকদের (DM) বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের আর্থিক বাস্তবতাকে অনুধাবন করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতি ও ছুটির সংস্কৃতি নিয়ে তোপ

এদিনের মঞ্চ থেকে সরকারি কর্মচারীদের কাজের প্রতি আরও মনোযোগী হওয়ার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনের কাজের গতি ফিরিয়ে আনতে কর্মসংস্কৃতির ওপর জোর দিয়ে তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় সুরক্ষা এবং গ্রামীণ উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সরকারকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের এই রাজ্য তো ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। আগের সরকার মনে করত ডিএ না দিয়ে ছুটি ছুটি দেব, তাহলে বেশি কাজ করতে হবে না।” প্রশাসনিক স্তরে কাজের এই মানসিকতা বদলেই রাজ্যে প্রকৃত উন্নয়নের গতি আনাই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।