‘একটি প্রাণও যেন না যায়…’ ওড়িশায় সেনার ধাঁচে প্রস্তুত ২২৫টি ফায়ার টিম! হাই-অ্যালার্ট দক্ষিণ উপকূলে

বঙ্গোপসাগরে ঘনীভূত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে চরম বিপর্যয় ও মহাতণ্ডবের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে এবং এলাকাগুলোতে ২০ সেন্টিমিটারের (২০০ মিমি) বেশি রেকর্ড ভাঙা অতিভারী বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের নির্দেশনায় জিরো ক্যাজুয়ালটি বা ‘শূন্য প্রাণহানি’-র লক্ষ্য নিয়ে কোমর বেঁধে নেমেছে প্রশাসন।
ঘূর্ণিঝড় মোকাবিলায় দক্ষিণ ওড়িশার জেলাগুলোতে দমকল ও আপৎকালীন বিভাগের ২২৫টি বিশেষ উদ্ধারকারী দলকে হাই-অ্যালার্টে রাখা হয়েছে। উদ্ধারকাজ দ্রুত পরিচালনা করতে গঞ্জামে ২৬টি এবং গজপতি জেলায় ৮টি বিশেষ টিম সক্রিয় রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে বাহিনীর সংখ্যা বাড়িয়ে ২৪৫টি টিম করার প্রক্রিয়া চলছে। ভেঙে পড়া গাছ ও ইলেকট্রিক পোল সরিয়ে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে ১৫১০টি বৈদ্যুতিক করাত, প্লাজমা কাটার ভেহিকল, হাই-পাওয়ার ওয়াটার পাম্প, টেলিস্কোপিক টাওয়ার লাইট এবং রাবার বোট প্রস্তুত রাখা হয়েছে। দমকল আধিকারিক রমেশ মাঝি জানিয়েছেন, প্রতিটি জীবন রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর।
অন্যদিকে অন্ধ্রপ্রদেশেও ‘অর্ণব’-এর তাণ্ডব রুখতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। বিশাখাপত্তনমে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে দক্ষিণ উপকূলীয় রেলওয়ে ইতিমধ্যেই ৫৩টি দূরপাল্লার ও স্থানীয় ট্রেন বাতিল করেছে। উপকূলবর্তী বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।