উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন ‘অর্ণব’! বাংলায় বৃষ্টির পূর্বাভাসে আতঙ্কে সুন্দরবন

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হতেই উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে এসেছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই সাইক্লোন সরাসরি বাংলায় আছড়ে না পড়লেও এর পরোক্ষ প্রভাবে সুন্দরবন ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় জেলাগুলিতে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য এই বিপর্যয় মোকাবিলায় সাগর ব্লক প্রশাসন ও সিভিল ডিফেন্সের দল ইতিমধ্যে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

পরিস্থিতির ভয়াবহতা বিচারে সমুদ্রে মৎস্যজীবীদের ট্রলার নিয়ে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর। যাঁরা গভীর সমুদ্রে ছিলেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। গঙ্গাসাগর সৈকত, কপিলমুনি আশ্রম চত্বর এবং উপকূলীয় এলাকাগুলিতে কড়া নজরদারির পাশাপাশি মাইকিং করে পুণ্যার্থী, পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। বিপজ্জনক সমুদ্র সৈকতে পর্যটকদের নামার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অন্য দিকে, কশতলা গ্রামসহ সুন্দরবনের একাধিক জরাজীর্ণ ও দুর্বল নদীবাঁধে নজরদারি বাড়িয়ে দিয়েছে প্রশাসন। ভারী বৃষ্টিতে যাতে নদীর জলস্ফীতি ঘটে বড়সড় বিপর্যয় না ঘটে, তার দিকে নজর রাখা হচ্ছে। মৎস্যজীবী দিব্যেন্দু মাইতি জানান, নির্দেশ পাওয়ার পরপরই তাঁরা সব কাজ বন্ধ রেখে নিরাপদে ফিরে এসেছেন। পেশায় সাময়িক টান পড়লেও জীবন রক্ষায় এখন আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় দিন গুনছেন বঙ্গোপকূলের বাসিন্দারা।