আসন সমঝোতা নিয়ে সপার সঙ্গে কংগ্রেসের টানাপোড়েন প্রকাশ্যে, ইমরান মাসুদকে খাড়্গের কড়া বার্তা—’শুধু আবেগের কথা নয়, কাজে নজর দিতে হবে’

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে টানাপোড়েন ক্রমেই প্রকাশ্যে চলে আসছে। শরিক দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কড়া বার্তার মুখে পড়লেন দলীয় সাংসদ ইমরান মাসুদ। বৃহস্পতিবার খাড়্গে স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু কথার ফুলঝুরি না ছুটিয়ে এখন ঐক্যবদ্ধভাবে কাজে মন দেওয়াটাই সবচেয়ে জরুরি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া ইমরান মাসুদের সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে এদিন খাড়্গে বলেন, “টেলিভিশনে আমি প্রায়ই ইমরান মাসুদকে দেখি। উনি ভীষণ আবেগের সঙ্গে কথা বলেন। কিন্তু আমাদের শুধু কথায় নয়, কাজে বেশি নজর দিতে হবে। আমরা যত একসঙ্গে কাজ করব, ততই এগিয়ে যাব।” তবে সাংসদ হিসেবে সংসদে তাঁর ভূমিকার প্রশংসাও করেছেন কংগ্রেস সভাপতি। খাড়্গের কথায়, “সংসদে উনি দলের হয়ে নিরন্তর লড়াই করেন এবং দলের অবস্থান তুলে ধরার আপ্রাণ চেষ্টা করেন।”
মূলত উত্তরপ্রদেশের আসন বণ্টন নিয়ে ‘ইন্ডিয়া’ জোটের এই দুই শরিকের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সূত্রের খবর, কংগ্রেস যেখানে প্রায় ১৩০টি আসন দাবি করেছিল, সেখানে সপা প্রাথমিকভাবে মাত্র ২৬টি আসনের প্রস্তাব দেওয়ায় তীব্র অসন্তোষ তৈরি হয় হাত শিবিরে।
এই সংঘাত আরও তীব্র হয় গত মঙ্গলবার, যখন আসন রফা নিয়ে আলোচনা চলাকালীনই অখিলেশ যাদবের দল পাঁচটি আসনে তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়। ওই তালিকায় বেহাত এবং সাহারানপুর আসনে প্রার্থী দেয় সপা। ঘটনাচক্রে, এই দুটি বিধানসভা কেন্দ্রই কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের লোকসভা কেন্দ্র সাহারানপুরের অন্তর্গত এবং ওই আসনগুলিতে কংগ্রেসও লড়ার প্রস্তুতি নিচ্ছিল।
সপার এই একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ ইমরান মাসুদ প্রকাশ্যেই অখিলেশের দলের সমালোচনায় সরব হন। সংবাদমাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, সপার এই পদক্ষেপে আদতে বিজেপিরই হাত শক্ত হচ্ছে এবং জোটের প্রতি তাদের দায়বদ্ধতা নিয়েও সংশয় তৈরি হচ্ছে। মাসুদ কড়া ভাষায় বলেন, “কংগ্রেস আসনের জন্য ভিক্ষা করছে না। জোটে সবার সমান সম্মান থাকা উচিত। নিজের শরিকদের সঙ্গে লড়াই করে কী লাভ হচ্ছে? এতে তো বিজেপিরই সুবিধা হচ্ছে।” জোটের স্বার্থেই কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা থেকে বিরত রয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, জোটের অন্দরের এই অস্বস্তি কাটাতে আসরে নেমেছেন সপা প্রধান অখিলেশ যাদবও। ইতিমধ্যেই আলোচিত ২৬টি আসনের বাইরেও কংগ্রেস আর কোন কোন কেন্দ্রে লড়তে চায়, তা চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন তিনি। অখিলেশের মতে, আসন সংখ্যার অনড় দাবির বদলে প্রার্থীর জয়ের সম্ভাবনা এবং পারস্পরিক সমঝোতাকেই আলোচনার মূল ভিত্তি করা উচিত।
উল্লেখ্য, দুই দলের শীর্ষ নেতৃত্ব বরফ গলানোর চেষ্টা চালালেও, ইমরান মাসুদের প্রকাশ্য ক্ষোভ উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’ জোটের অন্দরের ফাটলকে আরও স্পষ্ট করে দিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন বণ্টনে দ্রুত সমঝোতা না হলে জোটের ভোটব্যাঙ্কে ভাগাড় দেখা দিতে পারে, যা বিজেপির জন্য সুবিধাজনক হতে পারে।