১১৫ বছরের পুরনো টিভিএস সাম্রাজ্যে ফাটল, সম্পত্তি ভাগ নিয়ে মেয়ে ও স্ত্রীর মুখোমুখি ভেনু শ্রীনিবাসন?

ইতিহাস যেন রাতের নিস্তব্ধতায় চেন্নাইয়ের এক বন্ধ ঘরে আবারও ফিরে আসছিল। নীরবে, ঠান্ডা মাথায় নিজের মেয়ের নেওয়া নানা সিদ্ধান্ত ও কৌশল বদলে যাওয়ার ছবি সামনে এসেছে। কিছুদিন আগে বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা যেন দ্রুত পাল্টে যায়। যে আসন থেকে চার বছর আগে সরে এসেছিলেন, সেখানেই আবার ফিরে আসার প্রসঙ্গ উঠে এসেছে। সামনে রয়েছেন তাঁর মেয়ে, যাঁর নেতৃত্বে সংস্থা বড় প্রবৃদ্ধি দেখেছে এবং বিএমডব্লিউ ও হুন্দাইয়ের মতো বৈশ্বিক সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে। অথচ সেই সময়ে পরিবারের অন্দরের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রায় ১১৫ বছর আগে যাত্রা শুরু করা টিভিএস পরিবারের অন্দরের পুরনো বিরোধই আজ সামনে চলে এসেছে। একদিকে বাবা ভেনু শ্রীনিবাসন, অন্যদিকে মেয়ে ডক্টর লক্ষ্মী ভেনু এবং স্ত্রী মল্লিকা শ্রীনিবাসন।

টিভিএস পরিবারের প্রধান ভেনু শ্রীনিবাসনের মেয়ে ডক্টর লক্ষ্মী ভেনু পারিবারিক যৌথ সম্পত্তিতে নিজের অংশ চেয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বাবার সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা সফল না হওয়ায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আবেদনে তিনি টিভিএস পরিবারের ভেনু শ্রীনিবাসন শাখার যৌথ সম্পত্তি বণ্টন ও নিজের ন্যায্য হিস্যা দাবি করেছেন। পাশাপাশি পারিবারিক সম্পত্তি সংক্রান্ত নথিপত্র ও তথ্য চেয়েও আবেদন করেছেন তিনি, যা বারবার অনুরোধ সত্ত্বেও পাননি বলে দাবি তাঁর। ১৬ নভেম্বর পাঠানো বণ্টন সংক্রান্ত নোটিশের পর এই মামলা করা হয়, তবে বাবার জবাবে তাঁর দাবি মেনে নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। লক্ষ্মীর মতে, প্রপিতামহ ও পিতামহের গড়ে তোলা উত্তরাধিকারে তাঁরও সমান অধিকার রয়েছে এবং এটি কেবল সম্পত্তির মালিকানা সংক্রান্ত বিষয়, কোনো সংস্থার দৈনন্দিন কাজে হস্তক্ষেপের উদ্দেশ্য নেই। তাঁর মা মল্লিকা শ্রীনিবাসনও মেয়ের দাবির পক্ষে দাঁড়িয়ে বলেছেন, ভাই সুদর্শনের মতো লক্ষ্মীরও সমান অধিকার রয়েছে।

এই পারিবারিক বিবাদ ঘিরে দুই প্রবীণ আইনজীবী ভিন্ন ভিন্ন যুক্তি তুলে ধরেছেন। লক্ষ্মী ও মল্লিকার আইনজীবী কপিল সিব্বল পারিবারিক ব্যবসার বড় অংশ ভাই সুদর্শন ভেনুর হাতে যাওয়ার খবরে প্রশ্ন তুলেছেন। তাঁর যুক্তি, কয়েক প্রজন্ম ধরে গড়ে ওঠা যৌথ সম্পত্তিতে লক্ষ্মীর সমান অংশ থাকা উচিত। ১৯১১ সালে লক্ষ্মীর প্রপিতামহের শুরু করা এই ব্যবসা তিন প্রজন্ম ধরে এগিয়েছে বলে উল্লেখ করে তিনি তামিলনাড়ুর ১৯৮৯ সালের সংশোধনী এবং ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইনের কথা বলেছেন, যেখানে কন্যাদের সমান সহ-উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে ভেনু শ্রীনিবাসনের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেছেন, আলোচিত সব সম্পত্তি পৈতৃক নয় এবং নিজের অর্জিত সম্পত্তি বণ্টনের অধিকার সংশ্লিষ্ট ব্যক্তির রয়েছে। তিনি ২০১৭ সালের একটি লিখিত পারিবারিক চুক্তির কথাও উল্লেখ করেছেন, যেখানে চার সদস্যের স্বাক্ষর ছিল এবং পৈতৃক সম্পত্তি বণ্টন ও এইচইউএফ সমাপ্তির বিষয়টি ছিল।

টিভিএসের গল্প শুরু হয়েছিল বাস দিয়ে। ১৯১১ সালে মাদুরাইয়ের আইনজীবী টিভি সুন্দরম আয়েঙ্গার রেল ও ব্যাংকের চাকরি ছেড়ে ১৯১২ সালে মাদুরাই থেকে পুদুকোট্টাইয়ের মধ্যে বাস চালান। সময়নিষ্ঠতার জন্য সেই বাস পরিচিত ছিল। পরে ১৯৭৯ সালে ২৬ বছর বয়সি ভেনু শ্রীনিবাসন দায়িত্ব নিয়ে সুন্দরম ক্লেটনকে ঘুরে দাঁড় করান এবং ১৯৮২ সালে সুজুকির সঙ্গে যৌথ উদ্যোগে যান। ২০০১ সালে সুজুকি আলাদা হলে নিজস্ব গবেষণা ও উন্নয়নের জোরে দেশীয় প্রযুক্তিতে টিভিএস ভিক্টর এনে সংস্থা ঘুরে দাঁড়ায় এবং পরবর্তীতে অ্যাপ্যাচি ও জুপিটারের সাফল্যে বড় বাজার তৈরি করে। আজ সেই ঐতিহ্যবাহী পরিবারের অন্দরের আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে সবাই।