আলিপুরদুয়ারে পা রাখছেন শুভেন্দু অধিকারী! কোন বড় চমকের অপেক্ষায় উত্তরের চা-শ্রমিকরা?

আলিপুরদুয়ারে শুরু হয়েছে সাজ সাজ রব। বুধবার জেলায় পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চরম তৎপরতা শুরু হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলের নজর এখন উত্তরের এই জেলাটির দিকে।
এদিনের সফরে একদিকে যেমন আদিবাসী জননায়ক বীরসা মুণ্ডার মূর্তি উন্মোচন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর, তেমনই অন্যদিকে তিনি যোগ দেবেন জনজাতীয় গৌরব দিবসের বিশেষ অনুষ্ঠানে। কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের রায়ডাক গলফ খেলার মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই আগমনকে ঘিরে জেলাজুড়ে এক অভূতপূর্ব উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত সফরসূচি অনুযায়ী, বুধবার দুপুর ১টা নাগাদ হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিশেষ হেলিকপ্টারে তিনি ডাঙ্গি আশ্রম মাঠের হেলিপ্যাডে পৌঁছবেন। এরপর তাঁর গন্তব্য হবে লোকনাথপুর আশ্রম হস্টেল। সেখানে আবাসিক ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি রাজ্যের ২৫০টি হস্টেলের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।
হস্টেল পরিদর্শন শেষে ময়নাবাড়ি হাতিপোতা মোড়ে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি শ্রদ্ধার সঙ্গে আদিবাসী জননায়ক বীরসা মুণ্ডার মূর্তি উন্মোচন করবেন। এরপর তাঁর মূল গন্তব্য হবে রায়ডাক গলফ কোর্সের মাঠ, যেখানে আয়োজিত হয়েছে জনজাতীয় গৌরব দিবসের মূল অনুষ্ঠান।
মুখ্যমন্ত্রীর এই সফরকে নিখুঁত ও নিরাপদ করতে প্রশাসন কোনো ত্রুটি রাখছে না। লোকনাথপুর আশ্রম হস্টেলে গিয়ে পরিকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা নিজে খতিয়ে দেখেছেন জেলাশাসক ময়ূরী বসু। অন্যদিকে, মূল সভাস্থলের তিনস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন উত্তরবঙ্গের আইজি সুকেশ কুমার জৈন এবং আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার শাও।
এছাড়াও সভাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি মিঠু দাস-সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সফর নিয়ে বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও বলেন, “আজকের এই অনুষ্ঠানে ৫০টি চা-বাগানের শ্রমিকরা অংশ নেবেন। মুখ্যমন্ত্রী এর আগেও আলিপুরদুয়ারে এসেছেন এবং কিছুদিনের ব্যবধানে আবারও তিনি আসছেন। তাঁকে দেখলে মনে হয় তিনি যেন আলিপুরদুয়ারের ঘরের ছেলেই।”
প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি এদিনের সফর ঘিরে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা গেছে চা-শ্রমিকদের মধ্যে। এর আগে মুখ্যমন্ত্রী চা-শ্রমিকদের জন্য বোনাস ও বিভিন্ন ভাতার ঘোষণা করেছেন। এখন এই বিশেষ দিনটিতে উত্তরের চা-শ্রমিকরা নতুন কোনো আশার আলো বা বড় ঘোষণার অপেক্ষায় বুক বাঁধছেন। সব মিলিয়ে আলিপুরদুয়ারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এখন চরম ব্যস্ততা ও উত্তেজনার পরিবেশ বিরাজ করছে।