“আর কতদিন চুপ থাকবেন রাহুল-প্রিয়াঙ্কা?” নাবালিকা নির্যাতন কাণ্ডে কংগ্রেসকে তুলোধনা বিজেপির

ঝাড়খণ্ডের সিমডেগা থেকে নির্বাচিত কংগ্রেস বিধায়ক ভূষণ বড়ার বিরুদ্ধে এক ১৪ বছর বয়সী আদিবাসী কিশোরীকে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিজেপি কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে চড়াও হয়েছে। অভিযোগ উঠেছে, গত ৫ আগস্ট রাঁচিতে নিজের সরকারি বাসভবনে ওই নাবালিকাকে ধর্ষণ করেন বিধায়ক। ভুক্তভোগীর অভিযোগ, শিক্ষা ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাঁকে বাড়িতে এনে গৃহকর্ম করানোর পাশাপাশি শারীরিক নির্যাতন চালানো হয় এবং কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ধুরওয়া থানায় পকসো (POCSO) আইনে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
এই ঘটনার জেরে বিজেপি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ তীব্র আক্রমণ করে বলেন, আগামীকাল ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী ও আদিবাসী গৌরব দিবস। অথচ ‘পিতৃতন্ত্র ধ্বংস করো’র মতো স্লোগান দেওয়া রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে এই সংবেদনশীল বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, আর কতদিন তাঁরা এই বিষয়ে চুপ থাকবেন? অন্যদিকে, অভিযুক্ত বিধায়ক ভূষণ বড়া সমস্ত অভিযোগ অস্বীকার করে এটিকে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।