“আমার কথা শুনেই কমেছে সোনার দাম!” আরও এক বছর সোনা না কেনার বড় আর্জি মোদীর

লখনউয়ের স্কিলস কনভোকেশন বা কৌশল সমাবর্তন মঞ্চ থেকে সোনা কেনা প্রসঙ্গে নতুন করে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণ দিতে গিয়ে তিনি দাবি করেন যে, অতীতে তিনি দেশবাসীকে কম সোনা কেনার অনুরোধ করেছিলেন এবং সাধারণ মানুষ তাঁর কথা শুনেছিলেন, যার ফলে সোনার দাম কমে যায়। এর জেরে দেশের অর্থ সাশ্রয় হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী আরও এক বছর সোনা না কেনার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।

আইআইটি ও আইটিআই শিক্ষার্থীদের নিয়ে বার্তা

স্কিলস কনভোকেশন অনুষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। তিনি স্পষ্ট করেন যে, আইআইটি-তে পড়াশোনা করা শিক্ষার্থীদের মতোই আইটিআই-তে অধ্যয়নরত শিক্ষার্থীদেরও সমান মর্যাদা ও সম্মান দেওয়া হবে।

উত্তর প্রদেশের সাংসদ হিসেবে দেশজুড়ে আসা তরুণদের স্বাগত জানাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দিনের শুরুতে দিল্লি থেকে রওনা হয়ে আইআইটি-র শিক্ষার্থীদের মাঝে গিয়েছিলেন এবং যে উদ্দীপনা ও স্বপ্ন নিয়ে সেখানে গিয়েছিলেন, ঠিক একই উৎসাহ নিয়ে আইটিআই-র শিক্ষার্থীদের সঙ্গেও যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আইআইটি হোক বা আইটিআই—শিক্ষার্থীরাই তাঁর কাছে দেশের প্রকৃত সম্পদ, দেশের সম্ভাবনা এবং দেশের ভবিষ্যৎ।