‘আপনি তো ভারতীয়ই নন!’ ইমরান খানকে কেন ক্ষমা চাইতে বলল বম্বে হাইকোর্ট?

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া নিয়ে বলিউড অভিনেতা ইমরান খানের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলল বম্বে হাইকোর্ট। সোমবার শুনানির সময় আদালতের পর্যবেক্ষণ— অভিনেতা ইমরান খান আদৌ ভারতের নাগরিক নন। ফলে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় তাঁর কোনো প্রভাব পড়ার প্রশ্নই ওঠে না। এই পরিস্থিতিতে এসআইআর-বিরোধী আন্দোলনে তাঁর অংশগ্রহণের অধিকার নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে হাইকোর্ট।

প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পর ইমরানের বিরুদ্ধে মুম্বইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) একটি ‘লিভ ইন্ডিয়া নোটিস’ জারি করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা।

সোমবার প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠীর নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি চলাকালীন আদালত স্পষ্টভাবে জানায়, এসআইআর প্রক্রিয়ায় ইমরান খান সরাসরি বা পরোক্ষ— কোনোভাবেই প্রভাবিত হচ্ছেন না। আদালত মন্তব্য করে, ভারতের নাগরিক না হয়েও এ জাতীয় প্রতিবাদে যোগ দেওয়া এক ধরণের উস্কানিমূলক আচরণ। এই ভূমিকার জন্য অভিনেতাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলেও ইঙ্গিত দেয় বম্বে হাইকোর্ট।