ইতিহাসে প্রথমবার! এটিএম থেকে টাকা তোলাকে ছাপিয়ে গেল ক্রেডিট কার্ডের খরচ, বদলে গেল ভারতের ছবি

ভারতের অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনের অভ্যাসে এক নীরব অথচ ঐতিহাসিক বদল এল। দেশের ইতিহাসে এই প্রথমবার এটিএম থেকে নগদ টাকা তোলার পরিমাণকে ছাড়িয়ে গেল ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের অঙ্ক। সদ্য সমাপ্ত অক্টোবর মাসের লেনদেনের পরিসংখ্যান বলছে, ভারতীয়রা এটিএম থেকে যত টাকা তুলেছেন, তার চেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ক্রেডিট কার্ড সোয়াইপ করে বা অনলাইন পেমেন্টের মাধ্যমে।

একসময় যে দেশে পকেটে নগদ টাকা না থাকলে চলাফেরা করাই কঠিন ছিল, সেই দেশে ডিজিটাল পেমেন্টের এই বাড়বাড়ন্ত ভারতীয় অর্থনীতির এক নতুন অধ্যায় শুরু করল। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট খরচের পরিমাণ ২.৪ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। অন্যদিকে, ঠিক একই সময়ে এটিএম থেকে নগদ টাকা তোলার পরিমাণ দাঁড়িয়েছে ২.৩ লক্ষ কোটি টাকায়।

গত বছরের অক্টোবর মাসের তুলনায় এটিএম থেকে নগদ তোলার অঙ্ক প্রায় ৭.৫ শতাংশ কমেছে। শুধু টাকার অঙ্কেই নয়, এটিএম ব্যবহারের সংখ্যাতেও বড়সড় পতন দেখা গেছে। পরিসংখ্যান বলছে, গত এক বছরে দেশে এটিএম থেকে টাকা তোলার মোট লেনদেনের সংখ্যা ৯.৮ শতাংশ কমে গেছে। উৎসবের মরসুমে কেনাকাটার ভিড় এবং বিভিন্ন ই-কমার্স ও রিটেইল প্ল্যাটফর্মে ক্রেডিট কার্ডের ওপর আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাকের সুবিধা এই পরিবর্তনকে আরও গতি দিয়েছে।

এই পরিসংখ্যানটি ঠিক কতটা তাৎপর্যপূর্ণ, তা বোঝার জন্য কয়েক বছর পেছনে ফিরে তাকালেই পরিষ্কার হয়ে যায়। ২০১৯ সালের নভেম্বর মাসেও ছবিটা ছিল একদম উল্টো। সেই সময় ভারতীয়রা ক্রেডিট কার্ডে যত টাকা খরচ করতেন, তার প্রায় পাঁচ গুণ বেশি নগদ টাকা এটিএম থেকে তুলতেন।

কিন্তু গত সাত বছরে ইউপিআইয়ের ব্যাপক জনপ্রিয়তা, স্মার্টফোনের সহজলভ্যতা, ডিজিটাল পরিকাঠামোর উন্নতি এবং সাধারণ মানুষের মানসিকতার বদলের ফলে নগদ টাকার ওপর নির্ভরশীলতা দ্রুত কমেছে।

ছোট শহরের মুদি দোকান থেকে শুরু করে বড় শপিং মল সর্বত্রই এখন নগদহীন লেনদেনের রমরমা। অর্থনীতিবিদ ও ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে, মানুষের হাতে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ার পেছনে একাধিক কারণ রয়েছে।

প্রথমত, বর্তমানে ব্যাংকগুলো খুব সহজেই গ্রাহকদের ক্রেডিট কার্ড দিচ্ছে এবং ইউপিআই অ্যাপের সঙ্গে রুপে ক্রেডিট কার্ড যুক্ত হওয়ার ফলে পাড়ার ছোট দোকানেও কিউআর কোড স্ক্যান করে ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করা সম্ভব হচ্ছে।

দ্বিতীয়ত, ইএমআই বা সহজ কিস্তিতে দামি জিনিস কেনার প্রবণতা মধ্যবিত্ত ও তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপকভাবে বেড়েছে। এর ফলে মানুষ এখন আর বড় অঙ্কের কেনাকাটার জন্য এটিএমের লাইনে দাঁড়িয়ে নগদ টাকা তোলার ঝক্কি নিতে চাইছেন না। নগদ লেনদেন কমে যাওয়া এবং ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়াকে দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

কারণ, ডিজিটাল লেনদেন বাড়লে অর্থনীতিতে স্বচ্ছতা আসে, কর ফাঁকির প্রবণতা কমে এবং কালো টাকার লেনদেন নিয়ন্ত্রণ করা সহজ হয়। পাশাপাশি, এটিএম রক্ষণাবেক্ষণ ও নগদ টাকা ছাপানোর পেছনে রিজার্ভ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর যে বিপুল খরচ হয়, তাও অনেকটা সাশ্রয় হবে।