‘আগে নিজের দলের তোলাবাজদের ধরে দেখান!’ শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কুণাল ঘোষ

রাজ্যে নতুন শিল্পনীতি ঘোষণা হওয়ার পর থেকেই শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক তরজা তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক এক হুঙ্কারকে কেন্দ্র করে এবার তাঁকে পালটা তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা কুণাল ঘোষ। শুভেন্দুর ‘তোলাবাজি বন্ধ করার’ হুঁশিয়ারির জবাব দিয়ে কুণাল সাফ জানিয়ে দিয়েছেন, আগে নিজের দলের বিধায়ক ও নেতাদের চাঁদাবাজি বন্ধ করতে বলুন, তারপর বড় বড় কথা মানাবে।

সম্প্রতি রাজ্যে শিল্প আনার পক্ষে সওয়াল করে শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়েছিলেন যে, কেউ যদি তোলাবাজি বা চাঁদাবাজি করে শিল্পকে বানচাল করার চেষ্টা করে, তবে তাঁদের ১৫ মিনিটের মধ্যে গ্রেপ্তার করতে হবে। আর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক দড়িটানাটানি।

শুভেন্দুর এই বক্তব্যের কড়া সমালোচনা করে কুণাল ঘোষ বলেন, “বিজেপির একাধিক বিধায়ক ও নেতার বিরুদ্ধে একের পর এক চাঁদাবাজি এবং দুর্নীতির অভিযোগ উঠছে। অথচ সেই সব ধামাচাপা দিয়ে অন্য জায়গায় বড় বড় কথা বলা হচ্ছে।” বিরোধী শিবিরের দিকে আঙুল তুলে কুণালের চ্যালেঞ্জ, এতই যদি ক্ষমতা থাকে, তবে আগে নিজের দলের অভিযুক্ত তোলাবাজ ও বিধায়কদের গ্রেফতার করে দেখান শুভেন্দু অধিকারী! তৃণমূল নেতার এই বিস্ফোরক ও ঝাঁঝালো মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।