‘আগামী দিনে জেলের ভাত খেতে হবে’, জীবনতলার মঞ্চ থেকে জ্ঞানেশ কুমারকে নিশানা ISF নেতার

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার একটি জনসভা থেকে ফের ভারতের নির্বাচন কমিশনকে নিশানা করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন সভামঞ্চ থেকে বক্তব্য রাখার সময় তিনি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং গ্রেফতারের দাবি জানান।

রাজনৈতিক সভা থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন ভাঙড়ের এই বিধায়ক। বক্তব্য চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে নওশাদ সিদ্দিকী মন্তব্য করেন যে, তাঁকে ‘আগামী দিনে জেলের ভাত খেতে হবে’।

নির্বাচন প্রক্রিয়া পরিচালনায় কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নওশাদ সিদ্দিকী তাঁর বক্তব্যে আরও দাবি করেন যে, সাংবিধানিক এই সংস্থার স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তাঁর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।