আগামীকাল থেকে ফের প্রবল দুর্যোগ! অগাস্টের শেষে গোটা রাজ্যে হলুদ সতর্কতা জারি, কী বলছে আবহাওয়া দফতর?

আগস্টের শেষ বেলায় এসে ফের বাংলার আকাশে ঘনিয়ে আসছে দুর্যোগের কালো মেঘ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা, যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণ থেকে উত্তর—রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া ও সতর্কতা
গত ২৪ ঘণ্টায় পুরুলিয়ার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার দুর্যোগের মাত্রা বাড়তে চলেছে। কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে। আগামী ২৯ ও ৩০ অগাস্ট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রভাব আরও বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২৮ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার থেকেই আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি—এই তিন জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত) সম্ভাবনা রয়েছে। এরপর ২৯ অগাস্ট দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার—এই পাঁচ জেলাই ভারী বৃষ্টির আওতায় থাকবে। এই জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়া দপ্তরের পরামর্শ
প্রবল বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে অপ্রয়োজনে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ঝড়ের সময় গাছ, বিদ্যুতের খুঁটি বা দুর্বল কাঠামোর নিচে আশ্রয় না নেওয়ার কথা বলা হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বেরোলে সঙ্গে অবশ্যই ছাতা রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। তবে সুখবর হলো, সেপ্টেম্বরের শুরুর দিকে রাজ্যে নতুন করে বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই। সেপ্টেম্বরের প্রথম থেকেই বৃষ্টির প্রকোপ কমতে শুরু করবে, যদিও আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম ও অস্বস্তি থেকে এখনই পুরোপুরি নিস্তার মিলছে না।