আকাশে আজ আগুনের আংটি! ২০২৬-এর প্রথম সূর্যগ্রহণে দেখা যাবে বিরল ‘রিং অফ ফায়ার’

মহাকাশ প্রেমীদের জন্য আজ এক বিশেষ দিন। আজ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি হতে চলেছে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ। এবারের গ্রহণটি একটি ‘বলয়গ্রাস সূর্যগ্রহণ’ (Annular Solar Eclipse), যেখানে চাঁদ সূর্যের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে ফেলবে। ফলে অন্ধকার আকাশে সূর্যের অবশিষ্টাংশ একটি জ্বলন্ত আংটি বা ‘রিং অফ ফায়ার’-এর মতো উজ্জ্বল হয়ে উঠবে।

ভারতীয় মান সময় (IST) অনুসারে, মঙ্গলবার বিকেল ৩টে ২৬ মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং চলবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিট পর্যন্ত। ৪ ঘণ্টা ৩১ মিনিটের এই দীর্ঘ গ্রহণের চরম পর্যায় বা ‘পিক ফেজ’ দেখা যাবে বিকেল ৫টা ১৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১১ মিনিটের মধ্যে। তবে ভারতীয় দর্শকদের জন্য খানিকটা মন খারাপের খবর— এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। এটি মূলত দক্ষিণ আফ্রিকা, অ্যান্টার্কটিকা, দক্ষিণ আমেরিকার একাংশ সহ জিম্বাবোয়ে, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলো থেকে দৃশ্যমান হবে।

যেহেতু ভারতে এই গ্রহণ দেখা যাবে না, তাই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ‘সূতক কাল’ এ দেশে কার্যকর হবে না। সাধারণত সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে থেকে সূতক কাল শুরু হয়, কিন্তু দৃশ্যমানতা না থাকায় কোনো নিয়ম পালনের প্রয়োজন নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানের ভাষায়, চাঁদ যখন পৃথিবী থেকে অনেকটা দূরে থাকে এবং সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না, তখনই এই অপরূপ বলয়গ্রাস সূর্যগ্রহণ তৈরি হয়।