আকভানের তাণ্ডবে ধসে গেল ফসল! ৪৮ ঘণ্টার মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে ঢুকবে ২২১ কোটি টাকা?

ওড়িশার গোপালপুরে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ব্যাপক কৃষিক্ষয়ক্ষতি হয়েছে। রবিবারের ছুটির দিনেও সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের নিয়ে জরুরি বৈঠক করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য মোট ২২১ কোটি ১২ লক্ষ টাকার প্রাথমিক আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দু’দিনের মধ্যেই জেলা প্রশাসনের মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ক্ষতিপূরণের অর্থ পৌঁছে যাবে বলে জানিয়েছেন তিনি।
ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা ৩৬ ঘণ্টার প্রবল বর্ষণে রাজ্যের ১ লক্ষ ৬০ হাজার হেক্টর জমির ফসল ও উদ্যানপালন ক্ষতির মুখে পড়েছে, যার মধ্যে পাকা আমন ধানের ক্ষতিই সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব
সরকারি প্রাথমিক হিসেব অনুযায়ী, ১ লক্ষ ৩১ হাজার ৩৮৪ হেক্টর জমির আমন ধান নষ্ট হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫৭৬ কোটি টাকা। সরিষা, মসুর, আলুর বীজ এবং শাকসবজি মিলিয়ে কৃষি দপ্তরের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৮৫ কোটি টাকা। অন্যদিকে, ১ হাজার ৬০ হেক্টর জমির ফুল, ৩৮৫ হেক্টর পানের বরজ এবং ৭৮৯.৫ হেক্টর সবজি খেত মিলিয়ে উদ্যানপালন দপ্তরের ক্ষতি হয়েছে ১৩১ কোটি ৪৩ লক্ষ টাকা।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ঘূর্ণিঝড় সরাসরি রাজ্যে আছড়ে না পড়লেও প্রতিবেশী ওড়িশার গোপালপুরে ল্যান্ডফলের জেরে টানা ৩৬ ঘণ্টা প্রবল বৃষ্টি হয়েছে। পাকা আমন ধান কাটার ঠিক মুখেই এই অতিবৃষ্টিতে চাষিরা সমস্যায় পড়েছেন। কৃষকদের পাশে দাঁড়াতে ছুটির দিনেও সেচ, বিপর্যয় মোকাবিলা, কৃষি এবং উদ্যানপালন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করে প্রাথমিক সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কোন খাতে কত বরাদ্দ?
এসডিআরএফ (SDRF) থেকে ক্ষতিপূরণ: আপাতত ৫ লক্ষ ৭৩ হাজার কৃষকের জন্য ২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেচসেবিত এলাকায় হেক্টর প্রতি ১৭ হাজার টাকা (ন্যূনতম ২ হাজার টাকা), বৃষ্টি নির্ভর এলাকায় হেক্টর প্রতি ৮ হাজার ৫০০ টাকা (ন্যূনতম ১ হাজার টাকা) এবং বহুবর্ষজীবী ফসলের ক্ষেত্রে হেক্টর প্রতি ২২ হাজার ৫০০ টাকা (ন্যূনতম ২ হাজার ৫০০ টাকা) করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
পান চাষিদের সহায়তা: পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া গ্রামীণের ৯ হাজার ২৪০ জন পান চাষিকে এককালীন ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার জন্য ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
বিনামূল্যে বীজ বিতরণ: আগামী মরসুমে নতুন করে চাষের জন্য ৪৮ হাজার কৃষককে ৫ কোটি টাকা ব্যয়ে ধান, তিল, চিনাবাদাম, মুগ এবং সবজির বীজ বিনামূল্যে দেওয়া হবে।
মালদহের কৃষকদের জন্য বরাদ্দ: গত ১১ নভেম্বর শিলাবৃষ্টি ও ঝড়ে মালদহের গাজোল, হবিবপুর ও বামনগোলা ব্লকের ক্ষতিগ্রস্ত ১৯ হাজার কৃষক পরিবারের জন্যও ৮ কোটি ১২ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে।
৪৮ ঘণ্টার বিশেষ অভিযান ও সমীক্ষার নির্দেশ
জল জমে থাকলে তিন দিনের মধ্যে পাকা ধান পচে যাওয়ার আশঙ্কা থাকায় আগামী ৪৮ ঘণ্টা বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ব্লক প্রশাসনকে ভিবি রামজির শ্রমিক ও পাম্পসেট লাগিয়ে জমি থেকে জল বের করার কাজ করতে হবে এবং এর জন্য কৃষকদের কোনো খরচ দিতে হবে না, পুরো ব্যয়ভার প্রশাসন বহন করবে।
এই কাজে বিডিওদের সহযোগিতা করবেন সেচ ও ক্ষুদ্র সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। প্রাথমিক সাহায্যের পাশাপাশি চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসেব করতে তিন দপ্তরের সচিবকে বিস্তারিত সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে বিশেষ শিবির আয়োজনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।