অ্যামাজনের মহা পরিকল্পনা! এবার এক ক্লিকেই মিলবে গোটা ইন্টারনেটের সমস্ত পণ্যের তথ্য!

অনলাইন শপিং করার সময় পছন্দের পণ্যের সঠিক রিভিউ বা তথ্য পেতে কি আপনাকেও বারবার গুগল বা অন্য ওয়েবসাইট ঘাঁটতে হয়? যদি হ্যাঁ, তবে আপনার এই অভ্যাস বদলাতে এবার আসরে নামছে বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স সংস্থা অ্যামাজন। গ্রাহকদের শপিং অভিজ্ঞতাকে আরও উন্নত ও সহজ করতে একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে প্রতিষ্ঠানটি। খুব শীঘ্রই এমন এক অভিনব সিস্টেম নিয়ে আসছে অ্যামাজন, যার ফলে গ্রাহকদের আর আলাদা আলাদা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন পড়বে না। একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মেই মিলবে সমস্ত প্রয়োজনীয় তথ্য।
রয়টার্স সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, অ্যামাজনের এই নতুন এবং উচ্চাভিলাষী প্রজেক্টটির নাম ‘ওয়ার্ল্ড প্রোডাক্ট গ্রাফ’ (World Product Graph)। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য কেবল অ্যামাজনে বিক্রিত পণ্যের বিবরণ দেওয়া নয়, বরং ইন্টারনেটের অন্যান্য রিটেল ওয়েবসাইট বা ব্র্যান্ডের অফিশিয়াল পেজে থাকা পণ্যের সমস্ত তথ্যও এই ডেটবেসে যুক্ত করা। এর ফলে এমন অনেক পণ্যের তথ্যও এখানে পাওয়া যাবে, যা সচরাচর অ্যামাজনে পাওয়া যায় না। এই কাজের জন্য কোকা-কোলা (Coca-Cola) এবং বায়ার (Bayer)-এর মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ইতিমধ্যেই তথ্য আদান-প্রদান শুরু করেছে সংস্থাটি। পাশাপাশি প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল (Procter & Gamble)-এর সঙ্গেও ট্রায়াল নিয়ে কথাবার্তা চলছে।
অ্যামাজনের এই নতুন উদ্যোগের ফলে সরাসরি উপকৃত হবে তাদের এআই শপিং অ্যাসিস্ট্যান্ট ‘রুফাস’ (Rufus) বা ‘আলেক্সা ফর শপিং’। গত মে মাসেই অ্যামাজন এই এআই ফিচারটি বাজারে এনেছিল, যা গ্রাহকদের চ্যাট বা টেক্সটের মাধ্যমে নিজেদের পছন্দমতো পণ্য খুঁজতে সাহায্য করে। তবে ইন্টারনাল নথিতে এই এআই-এর কিছু ত্রুটিও সামনে এসেছিল। ‘ওয়ার্ল্ড প্রোডাক্ট গ্রাফ’-এর সাহায্যে রুফাস আরও নিখুঁত ও বিস্তারিত তথ্য দিতে সক্ষম হবে, যা এআই পরিচালনার খরচও কমাবে।
বর্তমান প্রযুক্তির বাজারে মেটা বা পারপ্লেক্সিটির মতো বাহ্যিক এআই শপিং এজেন্টরা যেভাবে অ্যামাজনকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে, তাতে নিজস্ব ডেটাবেস শক্তিশালী করা ছাড়া উপায় ছিল না। প্রতিযোগিতায় টিকে থাকতেই এই পদক্ষেপ। যদিও এই প্রজেক্টের আনুষ্ঠানিক লঞ্চ নিয়ে এখনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি অ্যামাজন, তবে ইন্টারনাল নথিতে ২০২৭ সালের ১ অক্টোবর সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখিত রয়েছে।