‘অর্ণব’ আসছে মারাত্মক গতিতে! বাংলায় কবে আছড়ে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড়? সব জেলায় জারি চরম সতর্কতা!

বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে এক মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। আবহাওয়া দপ্তর (IMD)-এর সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সমুদ্রের বুকে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে মাত্র ৭৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি একটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তীতে ২৮ অক্টোবর অর্থাৎ বুধবার দুপুরের দিকে এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং বাপাটলার মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে ল্যান্ডফল করতে পারে।

বিজ্ঞানীদের মতে, ল্যান্ডফলের সময় ঝড়টির গতিবেগ থাকবে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার, যা সর্বোচ্চ ১৪০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ায় পৌঁছাতে পারে। স্যাটেলাইট চিত্রে স্পষ্ট যে, ঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়াটি বেশ দীর্ঘ সময় ধরে চলবে। স্থলভাগে আঘাত হানার পর এটি গতি কিছুটা হারিয়ে ডানদিকে বাঁক নিতে পারে, তবে দীর্ঘ সময় ধরে চলবে ভারী থেকে অতি ভারী দুর্যোগপূর্ণ বর্ষণ।

বাংলায় এর প্রত্যক্ষ প্রভাব কতটা? ঘূর্ণিঝড় অর্ণবের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে থাকলেও পরোক্ষ প্রভাবে কেঁপে উঠবে দক্ষিণবঙ্গ। মঙ্গলবার দুপুর থেকেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উপকূলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বইতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় উপকূলবর্তী জেলা প্রশাসনকে ইতিমধ্যেই সতর্ক করেছে আবহাওয়া ভবন।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty