‘অপারেশন সিঁদুর’ শেষে বাড়ি ফিরলেন বাংলার অগ্নিবীর দীপ বিশ্বাস, শান্তিপুরজুড়ে উৎসব

ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের গুরুত্বপূর্ণ সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর গুরুদায়িত্ব সফলভাবে পালনের পর অবশেষে নিজভূমে ফিরলেন নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের আরবলদা গ্রামের কৃতি সন্তান দীপ বিশ্বাস। দেশের এই বীর জওয়ানের বাড়ি ফেরাকে কেন্দ্র করে গোটা গ্রামজুড়ে এখন উৎসবের আবহ। তাঁকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ছুটে এসেছেন এলাকার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীও।

দীপ বিশ্বাস, এক অত্যন্ত অভাবী ও কৃষি পরিবারের সন্তান। তার ছোট ভাই বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে। অভাব সত্ত্বেও দীপের স্বপ্ন ছিল দেশের সেবা করার। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পাশের পরই তিনি ভারতীয় সেনার অগ্নিবীর হিসেবে যোগদান করেন। তার প্রথম পোস্টিং ছিল হায়দ্রাবাদে। এরপর সাত মাস পর বাড়িতে একবার ফিরে তিনি অসম এবং অরুণাচল প্রদেশে কর্তব্যরত ছিলেন। দ্বিতীয়বারের জন্য তিনি বাড়িতে এসেছিলেন গত ফেব্রুয়ারি মাসে। শেষবার তার পোস্টিং ছিল জম্মুতে, যেখানে তিনি ‘অপারেশন সিঁদুর’-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নেন।

পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের হাতে ভারতীয় পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডের পর ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, যার পরই শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে দীপ বিশ্বাসও সম্মুখসারিতে ছিলেন।

অভিযান চলাকালীন পরিবারের সঙ্গে দীপের যোগাযোগ ছিল অনিয়মিত, এবং পরিবারের সদস্যদের দুশ্চিন্তা থেকে বাঁচাতে তিনি অনেক কথাই গোপন রেখেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর আজ তিনি গ্রামে ফিরতেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং স্থানীয় ক্লাবের সদস্যরা তাকে এক ঝলক দেখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য তার বাড়িতে ভিড় করেন। গ্রামবাসীরা দীপকে নিয়ে গর্বিত এবং তার নিরাপদে ফিরে আসায় আনন্দিত। তার এই প্রত্যাবর্তনে আরবলদা গ্রামের প্রতিটি ঘরে যেন আনন্দের ঢেউ লেগেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy