অখিলেশ যাদবের রোড শোয়ে ভয়াবহ দুর্ঘটনা! ফুল ছড়ানো বুলডোজারের ধাক্কায় প্রাণ গেল বিজেপি নেতার কিশোর ছেলের

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের রোড শো চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল এক কিশোর। বুধবার অখিলেশ যাদবের ‘পিডিএ রথযাত্রা’ চলাকালীন পুষ্পবৃষ্টির জন্য ব্যবহৃত একটি বুলডোজারের ধাক্কায় মৃত্যু হয় আর্যবর্ধন সিং নামে ওই কিশোরের। মৃত আর্যবর্ধনের বাবা ওমকার সিং স্থানীয় বিজেপি নেতা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক গড় হিসেবে পরিচিত গোরক্ষপুরে এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য এবং স্থানীয় বিজেপি কর্মীরা। রাস্তায় নেমে শুরু হয় তুমুল বিক্ষোভ। এই ঘটনার জেরে রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গোরক্ষপুরের কূড়াঘাট এলাকায় অখিলেশ যাদবের পিডিএ রথযাত্রা চলছিল। মৃত কিশোরের বাবা ওমকার সিংয়ের অভিযোগ, অখিলেশ যাদবের কনভয় সামনের দিকে এগিয়ে যাওয়ার পর পিছন থেকে ফুল ছড়াতে থাকা একটি বুলডোজার অত্যন্ত দ্রুতগতিতে এসে আর্যবর্ধনকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্র অভিঘাতে ছিটকে রাস্তার ডিভাইডারে গিয়ে পড়ে সে। মাথার পিছনে অত্যন্ত গুরুতর আঘাত লাগে ওই কিশোরের। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি, মৃত্যু হয় আর্যবর্ধনের। পরিবারের দাবি, দুর্ঘটনার সময় আর্যবর্ধন নিজের বোনকে স্কুল থেকে আনতে যাচ্ছিল। ওই রাজনৈতিক মিছিল বা কর্মসূচির সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। স্রেফ রাস্তায় বেরিয়ে রোড শোয়ের অংশ হিসেবে ব্যবহৃত বুলডোজারের বলি হতে হলো তাকে।

কিশোরের মৃত্যুর পর শোকে ও ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে যোগ দিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরাও। দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে সরব হন তাঁরা। মৃত কিশোরের বাবা ওমকার সিং সরাসরি অখিলেশ যাদব এবং রথযাত্রার আয়োজকদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার দাবি জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ইতিমধ্যেই ঘাতক বুলডোজারটিকে বাজেয়াপ্ত করেছে। বুলডোজারের চালক এবং রথযাত্রার আয়োজকদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুরোদমে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অখিলেশ যাদব জানান, কিশোরের মৃত্যুর ঘটনা সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য ছিল না। তবে এরই পাশাপাশি রোড শোয়ের জন্য স্থানীয় প্রশাসনের তরফে পর্যাপ্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা রাখা হয়নি বলে পাল্টা অভিযোগ তোলেন তিনি। অখিলেশের বক্তব্য, রাজনৈতিক কর্মসূচির সময় ভিড় সামলানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনেরই দায়িত্ব ছিল। যোগীর গড়ে অখিলেশের কর্মসূচিতে এই প্রাণহানির ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তদন্ত শেষ হলেই কার গাফিলতিতে এই প্রাণ গেল, তা স্পষ্ট হবে।