সোনার সিংহাসনে বসবেন যশ! রণবীর-যশের ‘রামায়ণ’-এর সেট তৈরি করতে জলের মতো খরচ কত কোটি?

রণবীর কাপুর এবং দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত দেশের সবচেয়ে ব্যয়বহুল এবং প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’কে কেন্দ্র করে উন্মাদনার শেষ নেই। ছবিটির শুটিং ও সেট ডিজাইন নিয়ে প্রতিদিনই নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার এই মেগা প্রজেক্টের খরচ এবং সেট তৈরির কারিগরি নিয়ে মুখ খুলেছেন ছবির আর্ট ডিরেক্টর রমেশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এই ছবির প্রতিটি সেট নির্মাণে জলের মতো টাকা খরচ করেছেন প্রযোজক নমিত মলহোত্রা। পর্দায় পৌরাণিক যুগকে একেবারে নিখুঁত ও জীবন্ত করে তুলতে কোনো রকম কার্পণ্য করা হয়নি।
ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করা সুপারস্টার যশের বসার সিংহাসনটি তৈরি করতেই খরচ হয়েছে চোখ কপালে তোলার মতো—পাক্কা ১ কোটি টাকা! অত্যন্ত নিখুঁত এই সিংহাসনটি প্রস্তুত করতে সময় লেগেছে দীর্ঘ চার মাস। প্রথমে মাটির মডেল তৈরি করে, ছাঁচ তুলে ফাইবার দিয়ে এর মূল কাঠামো দাঁড় করানো হয়। সবচেয়ে বড় চমক হলো, সিংহাসনে রাজকীয় ও আসল সোনার ঔজ্জ্বল্য আনতে ব্যবহার করা হয়েছে খাঁটি ২৪ ক্যারেট সোনার পাতা (Gold leafing)।
পাশাপাশি, ছবিতে শূর্পণখার চরিত্রে অভিনয় করা রাকুল প্রীত সিংয়ের ব্যবহারের জন্য একটি রাজকীয় রথ তৈরি করা হয়েছে। টানা তিন মাস ধরে তৈরি এই রথের পেছনে খরচ হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। শুধু তাই নয়, সেটে ব্যবহৃত জটায়ুর কঙ্কালটি লম্বায় প্রায় ২৪ ফুট। মুম্বইয়ের ফিল্ম সিটিতে প্রাইম ফোকাসের স্টুডিওতে এমন ১৫০টিরও বেশি অত্যাধুনিক সেট তৈরি করা হয়েছে। এর আগে প্রায় ৩০টি বড় ছবিতে কাজ করা আর্ট ডিরেক্টর রমেশের মতে, ক্যারিয়ারে এত বড় ও ব্যয়বহুল প্রজেক্ট তিনি আগে কখনো দেখেননি। সব মিলিয়ে বক্স অফিসে এই ছবি এক ইতিহাস সৃষ্টি করতে চলেছে।