সব হারিয়েও হাল ছাড়লেন না অভিনেতা! সুস্মিতা সেনের প্রাক্তন নায়কের বিস্ফোরক কামব্যাক নিয়ে তোলপাড় নেটদুনিয়া

নব্বইয়ের দশকের বলিউডের সেই দাপুটে অভিনেতার কথা মনে আছে? সুস্মিতা সেনের প্রথম নায়ক হিসেবে ‘দস্তক’ ছবি দিয়ে বলিউডে যাঁর হাতেখড়ি হয়েছিল। এরপর শাহরুখ খানের সঙ্গে ‘জোশ’ ছবিতেও খলনায়কের চরিত্রে রীতিমতো পর্দা কাঁপিয়েছিলেন তিনি। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অভিনেতা শরদ কাপুরকে (Sharad Kapoor) নিয়ে। কিন্তু আজ তাঁর সময়টা একেবারেই বদলে গিয়েছে। একসময়ের দাপুটে এই অভিনেতাকে এখন ভরসা করতে হচ্ছে ওয়াকারের ওপর! তবে চরম এই দুঃসময়েও কিন্তু তিনি হার মানতে রাজি নন। আর তাঁর এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এবার ঢাল হয়ে পাশে দাঁড়ালেন আধ্যাত্মিক গুরু শ্রী তনয় শাস্ত্রী।
শরদ কাপুরের জন্ম আর বেড়ে ওঠা এই কলকাতাতেই। অনেকেই হয়তো জানেন না, তিনি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর নাতজামাই। ২০০৮ সালে জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুর সঙ্গে তাঁর বিয়ে হয়। বলিউডে শুরুটা বেশ ভালোই হয়েছিল তাঁর। কিন্তু ধীরে ধীরে গ্ল্যামার জগৎ থেকে কোথায় যেন হারিয়ে যান তিনি। জানা যায়, গত কয়েক বছর ধরে গভীর মানসিক অবসাদ আর আর্থিক কষ্টের কারণে তিনি ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়েছিলেন। শারীরিক অসুস্থতায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বাধ্য হয়ে নিজের আদরের চারটে কুকুরকেও একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিতে হয় তাঁকে।
ঠিক কী হয়েছিল অভিনেতার? জানা গিয়েছে, মানসিক ও আর্থিক টানাপোড়েনের মাঝেই পায়ে বেশ গুরুতর চোট পান শরদ কাপুর। এই চোট আর অন্যান্য শারীরিক অসুস্থতা তাঁকে এতটাই কাবু করে ফেলে যে স্বাভাবিকভাবে হাঁটাচলার ক্ষমতাও হারিয়ে ফেলেন তিনি। নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ানোর মতো জোরটুকুও আর ছিল না। যে কারণে চলাফেরার জন্য বাধ্য হয়েই তাঁকে ওয়াকারের সাহায্য নিতে হচ্ছে।
তবে কঠিন এই বাস্তবের কাছে মাথা নত করেননি শরদ। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, অসুস্থ শরদ কাপুরকে সাহস জোগাচ্ছেন শ্রী তনয় শাস্ত্রী। তিনি অভিনেতাকে নেপাল থেকে আনা ১১ মুখী এবং ১ মুখী রুদ্রাক্ষ পরিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি কথা দিয়েছেন কলকাতা থেকে শরদের জন্য একটি বিশেষ সোনার কবচও নিয়ে আসবেন। তনয় শাস্ত্রীর কথায়, আধ্যাত্মিক দিক থেকে তিনি অভিনেতাকে সবরকম সাহায্য করবেন। শরদ কাপুরের দুর্দান্ত কামব্যাক করানোই এখন তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। বিপদের দিনে এমন একজন গুরুকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতাও। তিনি কথা দেন, গুরুর হাত তিনি আর কখনও ছাড়বেন না।
এই দুঃসময়ে শরদ কাপুরের এমন হার-না-মানা লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই। বলিউড অভিনেতা সোনু সুদ নিজে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন। শরদের এই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তনয় শাস্ত্রীর দেওয়া রুদ্রাক্ষ আর মানসিক সমর্থন যেন একেবারে জাদুর মতো কাজ করছে। শোনা যাচ্ছে, সব বাধা টপকে আগামী জানুয়ারি মাস থেকেই ওটিটি (OTT) এবং বড় পর্দায় নতুন উদ্যমে কামব্যাক করতে চলেছেন সুস্মিতা সেনের প্রথম নায়ক।