শো শেষ হলেই আসল ছবি? জিতু-সৃজলার সমীকরণ ও চ্যাম্পিয়ন প্রসঙ্গে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায়

বিগ বস বাংলার প্রথম ফাইনালিস্ট হলেন জিতু কমল। টাস্কে জিতে গিয়ে তিনি পেয়ে গেলেন ‘টিকিট টু ফিনালে’। বিগ বস তাঁর ঘরে একাধিক টাস্ক দিয়েছিলেন। শেষ পর্যন্ত টাস্কে জিতে সম্মুখ সমরে গিয়েছিলেন সৌরভ দাস এবং জিতু কমল। তাঁদের টাস্ক ছিল, একটি রিক্সায় দু’জনকেই বসে থাকতে হবে। দিন থেকে রাত হয়ে গেলেও, খিদে-ঘুমের জন্যও নামা যাবে না রিক্সা থেকে, এটাই ছিল টাস্ক। আর এই টাস্কেই জিতে গেলেন জিতু এবং সরাসরি চলে গেলেন বিগ বসের ফাইনাল এপিসোডে।

এদিকে বিগ বসের ঘরে নন্দিনী-রাজবীরের সম্পর্ক কিংবা জিতু-সৃজলার রসায়ন নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি সাক্ষাৎকারে তিনি জানান, এখনই কিছু বলা মুশকিল এবং শো শেষ হলেই বোঝা যাবে সম্পর্কগুলো কতটা জেনুইন, নাকি শুধু বিগ বসের বাড়ির পরিবেশের জন্য তৈরি হয়েছে। তাঁর কথায়, রাজবীরের ক্ষেত্রেও পরে বোঝা যাবে সে মুম্বইয়ে যায় নাকি জোকায় আসে। একসঙ্গে থাকলে সম্পর্ক তৈরি হয় এবং কঠিন লড়াইয়ের মধ্যে থাকতে হয় প্রতিযোগীদের। ফোন বা ঘড়ি না থাকায় অ্যালার্ম শুনে উঠতে হয় ও লাইট নিভলে ঘুমোতে হয়। এই কঠিন পরিস্থিতিতে সম্পর্ক গড়ে উঠলেও, স্বাভাবিক জীবনে ফেরার পর সেগুলোর কী হয়, সেটাই দেখার।

সম্ভাব্য চ্যাম্পিয়ন প্রসঙ্গে সৌরভ বলেন, দর্শকের ভোটেই সব হবে। সৃজলা ভালো খেলছে ও অন্য ধাঁচে খেলছে, পাশাপাশি দুর্নিবার, জিতু, সৌরভ ও রাজবীরও ভালো খেলছে। নন্দিনী বেরিয়ে যাওয়ার পর রাজবীরও অনেক শান্ত হয়েছে বলে জানান তিনি। রাজবীর বেশি পছন্দের কি না, সেই প্রশ্নে সৌরভ বলেন, তাঁর কাছে সবাই ফেভারিট। সোশ্যাল মিডিয়ায় তিনি দেখেছেন, রাজবীর বা জিতু—যাঁকেই ভালো বলুন না কেন, সমর্থকদের তরফে প্রশ্ন ওঠে। প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গে তিনি জানান, জিতু, সৌরভ ও মনামিকে তিনি চেনেন এবং রাজবীরের সঙ্গে আলাপ হয়েছে।

সঞ্চালক হিসেবে নিজেকে তৈরি করা নিয়ে সৌরভ বলেন, খেলার সময় রান করা বা ক্যাপ্টেন হিসেবে দলকে জেতানোর মতোই ‘দাদাগিরি’ এবং এখানেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। এতে কোনও রকেট সায়েন্স নেই, সময় দিয়ে বুঝে সিদ্ধান্ত নিতে হয়। বিগ বসের কণ্ঠস্বরকে দারুণ বলে উল্লেখ করেন তিনি। সলমন খানের বিগ বসের সঙ্গে তুলনা প্রসঙ্গে সৌরভ জানান, তামিল ও বাংলা বিগ বস সবচেয়ে বেশি দর্শক দেখেছেন বলে তিনি শুনেছেন, যা তাঁর সবচেয়ে ভালো লেগেছে।