শেষ হচ্ছে না ‘পঞ্চায়েত’! নির্মাতাদের বড় ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভক্তরা

জনপ্রিয় কমেডি-ড্রামা সিরিজ ‘পঞ্চায়েত’প্রেমীদের জন্য এক বড় ধাক্কা। প্রতীক্ষিত পঞ্চম সিজনের জন্য দর্শকদের আরও কিছুটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কারণ জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, এই সুপারহিট সিরিজটি চলতি ২০২৬ সালে পর্দায় ফিরছে না। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট শেয়ার করে এই হতাশাজনক খবরটি জানানো হয়েছে, যেখানে ‘বনরক্ষস’ খ্যাত অভিনেতা দুর্গেশ কুমারকে একটি মজাদার অথচ মনখারাপ করা বার্তার সঙ্গে দেখা গেছে। এর আগে পরিচালক দীপক কুমার মিশ্র ২০২৬ সালের শেষ নাগাদ সিরিজটি মুক্তির ইঙ্গিত দিলেও, প্রাইম ভিডিওর নতুন ঘোষণায় সেই জল্পনায় জল পড়েছে। যদিও প্ল্যাটফর্মের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট মুক্তির তারিখ জানানো হয়নি।
মুক্তির তারিখ পিছিয়ে গেলেও সিজন ৫-এর প্লট নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। অফিসিয়াল সিনপসিস অনুযায়ী, ফুলেরার চিত্র এবার সম্পূর্ণ বদলে গেছে। গত সিজনে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে রঘুবীর যাদব অভিনীত ‘প্রধান জি’ এবং নীনা গুপ্তা অভিনীত মঞ্জু দেবীর। তাদের জায়গায় নতুন গ্রাম প্রধান হিসেবে ক্ষমতা দখল করেছেন সুনীতা রাজওয়ার অভিনীত ক্রান্তি দেবী। তার স্বামী তথা ‘বনরক্ষস’ ভূষণ শর্মার প্রভাবও এবার গ্রামে বহুগুণ বৃদ্ধি পাবে। এই রাজনৈতিক পালাবদল সচিবজি অর্থাৎ অভিষেক ত্রিপাঠীর (জিতেন্দ্র কুমার) জন্য কাজের পরিবেশকে আরও কঠিন করে তুলবে। ফুলেরার এই জটিল পরিস্থিতির মাঝেও অভিষেককে তার এমবিএ-র উচ্চাকাঙ্ক্ষা এবং রিঙ্কির সাথে সম্পর্কের সমীকরণ সামলে এগোতে হবে।
সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, পরিচালক দীপক কুমার মিশ্র স্পষ্ট করে দিয়েছেন যে পঞ্চম সিজনটি এই সিরিজের শেষ অধ্যায় নাও হতে পারে। ফলে ফুলেরার গল্প এবং চরিত্রগুলোর বিকাশ আরও দীর্ঘ সময় ধরে উপভোগ করতে পারবেন দর্শকরা। ২০২০ সালে শুরু হওয়া এই যাত্রা এখন ভারতীয় ওয়েভ সিরিজের দুনিয়ায় এক অনন্য মাইলফলক। এখন আনুষ্ঠানিক মুক্তির তারিখের অপেক্ষায় রয়েছে গোটা দেশ।