মাঝরাতে মন্নতের বাইরে রক্তচাপ বাড়াল অনুরাগীদের ঢল! শাহরুখের জন্মদিনে সলমনের কী এমন খামখেয়ালি বার্তা যা সোশ্যাল মিডিয়ায় তোলপাড়?

টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে মন্নতের বাইরে উপচে পড়েছিল অগণিত ভক্তের ভিড়। মধ্যরাতে ভক্তদের উদ্দেশ্যে দেখা দেওয়ার পর থেকেই নেটপাড়ায় শুরু হয় শুভেচ্ছার বন্যা। তবে সমস্ত শুভেচ্ছার মাঝে নজর কেড়েছে বলিপাড়ার ‘ভাইজান’ সলমন খানের বিশেষ আদুরে বার্তা। সলমন নিজের স্টাইলে শাহরুখের ‘জওয়ান’ ও আগামী ছবি ‘কিং’-এর নাম উল্লেখ করে লেখেন, “শুভ জন্মদিন শাহরুখ, তুমি সব সময় জওয়ান থাকো দ্য কিং, এটাই আমার প্রার্থনা।” করিনা কাপুর ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো তারকারাও এদিন বাদশাকে শুভেচ্ছা জানান।

অন্যদিকে, জন্মদিনের আনন্দের মাঝেই বলিউডের খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্যপের ওপর নামল আইনি বিপদ। গত বছর ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সুরাট সিটি কোর্ট তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে। সুরাট আদালতে উপস্থিত না থাকার কারণেই সোমবার বিচারক এই কড়া সিদ্ধান্ত গ্রহণ করেন। ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩৫২ ও ৩৫২ (২) ধারায় রুজু হওয়া এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী ২৪ ডিসেম্বর।

এছাড়া জল্পনাতেই অবশেষে সিলমোহর দিলেন বলিপাড়ার বেবো। শাহরুখের আগামী মেগা প্রজেক্ট ‘কিং’-এ দেখা যেতে চলেছে করিনা কাপুর খানকে। বাদশার জন্মদিনে করিনা একটি পুরনো ছবি পোস্ট করে লেখেন, “এই সাম্রাজ্যের চিরকালের রাজা তুমি, চলো একসঙ্গে নাচা যাক।” এর পরেই স্পষ্ট হয়ে যায় যে ‘রা-ওয়ান’ ছবির পর ফের একবার এই হিট জুটিকে বিশেষ এক নাচের দৃশ্যে স্ক্রিন শেয়ার করতে দেখবেন দর্শকেরা।