‘বীরাঙ্গনা ২’-এর পর বড় পর্দায় বড় চমক! জয়া-শ্রাবন্তীর সঙ্গে এবার কোন রহস্যময় চরিত্রে ধরা দেবেন প্রীতি সরকার?

হইচই-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘বীরাঙ্গনা ২’-এ পুলিশ অফিসার ‘উমা অধিকারী’-র চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন প্রীতি সরকার। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে অভিনেত্রী হয়ে ওঠা প্রীতির কেরিয়ারে এবার যুক্ত হতে চলেছে এক নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পালক। শোনা যাচ্ছে, জাতীয় পুরস্কারজয়ী বিশিষ্ট পরিচালক অর্জুন দত্তের আগামী বড় পর্দার ছবি ‘আরএসভিপি মার্ডার’-এ এক বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে। ওটিটি প্ল্যাটফর্মের পর এবার রুপোলি পর্দায় নিজের অভিনয় দক্ষতা প্রমাণের বড় সুযোগ পেয়েছেন এই তরুণী অভিনেত্রী।

টানটান উত্তেজনায় ভরা থ্রিলার ঘরানার এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন প্রীতি। নিজের নতুন কাজ প্রসঙ্গে আজকাল ডট ইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “একজন অভিনেত্রী হিসাবে আমার কাছে এই চরিত্রটি ভীষণই আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং। ছবির গল্পটি যেমন টানটান, তেমনই এতে পরতে পরতে বেশ কিছু অপ্রত্যাশিত মোড় রয়েছে। তাই এখনই আমার চরিত্রটি সম্পর্কে বা গল্পে তার আসল ভূমিকা নিয়ে আমি খুব বেশি কিছু খোলসা করতে চাইছি না। তবে দর্শকদের উদ্দেশ্যে এইটুকু বলতে পারি যে, আমার চরিত্রটিকে বাইরে থেকে যেমনটা মনে হয়, আসলে সে মোটেও তেমন নয়। এর পিছনে গভীর রহস্য লুকিয়ে আছে।”

ছবির শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রীতি আরও জানান যে, পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে দারুণ স্মরণীয় হয়ে থাকবে। যদিও কনকনে ঠান্ডার কারণে আউটডোর শুটিং করা মাঝে মাঝে বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল, তবুও সকলের সহযোগিতায় কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সেটে সিনিয়র অভিনেত্রীদের থেকে পাওয়া সাহায্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “শ্রাবন্তীদি, জয়াদি এবং কণিনীকাদি সিনিয়র হিসেবে আমাকে খুব সাহায্য করেছেন। পাশাপাশি পরিচালক অর্জুন দত্ত এবং পুরো প্রোডাকশন টিম ভীষণ সহযোগিতা করেছিল। এই প্রজেক্টে কাজ করে আমি অভিনয়ের অনেক নতুন দিক শিখেছি।”

প্রসঙ্গত, টলিউডে ফের এক রুদ্ধশ্বাস সাইকোলজিক্যাল মার্ডার মিস্ট্রি উপহার দিতে চলেছেন পরিচালক অর্জুন দত্ত। প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়ের সংস্থা ‘শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেড’-এর ব্যানারে এবং সহ-প্রযোজক রূপম গোস্বামীর সহযোগিতায় নির্মিত হচ্ছে এই বহু প্রতীক্ষিত ছবি ‘আরএসভিপি মার্ডার’। ছবির স্টারকাস্টও বেশ চমকপ্রদ। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং টলিউড কুইন শ্রাবন্তী চ্যাটার্জি। এছাড়াও ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শিলাজিৎ মজুমদার, কনীনিকা ব্যানার্জি, বিবৃতি চ্যাটার্জি, অনুরাধা মুখার্জি, লোকনাথ দে এবং গৌরব রায়চৌধুরীর মতো দক্ষ অভিনেতাদের। সব মিলিয়ে এক জমজমাট রহস্য-রোমাঞ্চের অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।