বিগ বস সঞ্চালনায় সৌরভের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, রাজবীরের পাশে দাঁড়িয়ে খোলা চিঠি শ্রীলেখার

বিগ বস বাংলা সিজন ৩ ক্রমশ চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ও বাইরে উত্তেজনার পারদ চড়ছে। গত রবিবার, ২২ নভেম্বর বিবি হাউস থেকে বিদায় নিয়েছেন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রণিতা দাস। টিকিট টু ফিনালে জিতে জীতু কামাল নিজের জায়গা পাকা করে নিলেও বাকি প্রতিযোগীদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। ঠিক এই আবহেই শো-এর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে সোশাল মিডিয়ায় এক দীর্ঘ খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রতিযোগী রাজবীর দে-র প্রতি সঞ্চালকের আচরণ ও ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।
চিঠির শুরুতে শ্রীলেখা জানান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্ব, সাহস ও আগ্রাসী মনোভাব দেখে একটি প্রজন্ম বড় হয়েছে। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান কেবল দেশেই নয়, সীমানার বাইরেও তাঁকে আইকনে পরিণত করেছে, এবং তাঁর জীবন অবলম্বনে বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় একটি সিনেমাও মুক্তি পেতে চলেছে। তবুও প্রশ্ন তুলে শ্রীলেখা লিখেছেন, জনপ্রিয়তার সঙ্গে দায়িত্ব আসে এবং বিগ বস সঞ্চালনা করা সৌরভের আদৌ প্রয়োজন ছিল কি না, তা নিয়ে তাঁর মনে সংশয় রয়েছে। আর জি কর আন্দোলনের সময় সৌরভের অবস্থানে হতাশ হওয়ার কথা উল্লেখ করে শ্রীলেখা জানান, বিগ বস-এর সঞ্চালক হিসেবে তাঁর সাম্প্রতিক আচরণ সেই হতাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।
শ্রীলেখার মতে, দাদাগিরি-র মতো অনুষ্ঠান সৌরভের ব্যক্তিত্ব ও শক্তির সঙ্গে মানানসই ছিল, কিন্তু বিগ বস সঞ্চালনার জন্য নিরপেক্ষতা, সঠিক দৃষ্টিভঙ্গি এবং খেলার গতিপ্রকৃতি বোঝার ক্ষমতা প্রয়োজন। তাঁর দাবি, এই সিজনের জনপ্রিয়তার পেছনে রাজবীর দে-র বড় ভূমিকা রয়েছে এবং শেষ ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও তিনি প্রাপ্য স্বীকৃতি পাননি। ঘর পরিষ্কার রাখা, শৃঙ্খলা বজায় রাখা কিংবা সহ-প্রতিযোগীদের ধৈর্য ধরে মার্শাল আর্ট শেখানোর মতো অবদানের বদলে রাজবীর বারবার অবমূল্যায়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন অভিনেত্রী।
বিনোদনের নামে কোনো প্রতিযোগীর আত্মমর্যাদাকে বলি দেওয়া যায় না বলে স্পষ্ট মন্তব্য করেছেন শ্রীলেখা। তাঁর বক্তব্য, বিগ বস শারীরিক, মানসিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের মঞ্চ, যেখানে নির্মাতাদের তৈরি টাস্কে সংঘাত ও শারীরিক প্রতিযোগিতা থাকে। একদিকে শারীরিক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে অন্যদিকে একই ধরনের আচরণের জন্য বেছে বেছে বিচার করা কিংবা পক্ষপাতিত্ব দেখানো মেনে নেওয়া যায় না বলে দাবি তাঁর। ক্রিকেট ম্যাচের উদাহরণ টেনে শ্রীলেখা প্রশ্ন তোলেন, আম্পায়ার বা ধারাভাষ্যকারের এমন পক্ষপাতিত্ব কি সৌরভ মেনে নিতেন। মোটা পারিশ্রমিকের বিনিময়ে সঞ্চালনার দায়িত্ব পালন করার সময় দর্শক, প্রতিযোগী ও খেলার মূল চেতনার প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়ে চিঠি শেষ করেছেন শ্রীলেখা মিত্র।