প্রেক্ষাগৃহ কাঁপিয়েই নেটফ্লিক্সে ৮৮ কোটির চুক্তি! সুরিয়ার ব্লকবাস্টার ‘সিন’ ওটিটিতে আসছে কবে?

৬ নভেম্বর ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই আলোচনার শীর্ষে তামিল অ্যাকশন ক্রাইম-কমেডি ছবি ‘সিন’। সিনেমা হলে ব্যাপক সাফল্যের মধ্যেই এবার ছবিটির ওটিটি ঠিকানা চূড়ান্ত হয়ে গেছে। উৎসবের মরশুমে প্রেক্ষাগৃহে ঝড় তোলা এই ছবির এক্সক্লুসিভ ডিজিটাল স্ট্রিমিং রাইটস মোটা অঙ্কের বিনিময়ে কিনে নিয়েছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স।

‘আভেশাম’ খ্যাত জনপ্রিয় পরিচালক জিতু মাধবনের পরিচালনায় তৈরি এই ছবিতে প্রথমবার এক ফ্রেমে ধরা দিয়েছেন সুরিয়া, নাজরিয়া নাজিম এবং নাসলেন। টু-ডি এন্টারটেইনমেন্ট ও ঝগড়ম স্টুডিওস-এর ব্যানারে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন সুরিয়া ও জ্যোতিকা। প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দু-দিনেই বিশ্বজুড়ে ৮০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ছবিটিক্স বক্স অফিসে নিজেদের আধিপত্য প্রমাণ করেছে।

শিল্পসূত্রের খবর, প্রেক্ষাগৃহে মুক্তির আগেই নেটফ্লিক্স রেকর্ড ৮৮ কোটি টাকার বিনিময়ে ছবিটির এক্সক্লুসিভ ডিজিটাল স্বত্ব কিনে নেয়। ২০২৬ সালে তামিল সিনেমা জগতে এটি অন্যতম বৃহৎ ওটিটি চুক্তি হিসেবে গণ্য হচ্ছে।

প্রেক্ষাগৃহে সফল প্রদর্শনী শেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম হতে পারে। সাধারণ নিয়ম অনুযায়ী সিনেমা হলে মুক্তির ২৮ দিন পর ওটিটি প্রিমিয়ার হয়, নেটফ্লিক্সও সেই পথেই হাঁটছে। প্রযোজনা সংস্থা বক্স অফিস কালেকশনের ওপর নজর রেখে শিগগিরই আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।

ছবিতে সুরিয়াকে ডিএসপি ইনবরাজের চরিত্রে দেখা গেছে, যিনি মায়ার (নাজরিয়া নাজিম) সঙ্গে মিলে একটি পুরনো খুনের তদন্ত শুরু করতেই গল্প মোড় নেয় ঈশ্বরনের (নাসলেন) সঙ্গে সরাসরি সংঘাতের দিকে। এই ছবির মাধ্যমে নাসলেনের তামিল ইন্ডাস্ট্রিতে অভিনয় আত্মপ্রকাশ ঘটেছে এবং সঙ্গীত পরিচালক সুশীন শ্যামও তামিল চলচ্চিত্রে ডেবিউ করলেন।