‘দূরে চলে গেলে শান্তি পাবো…’ জীতুর আকস্মিক ভালোবাসার জবাবে একি সিদ্ধান্ত সৃজলার!

বিগ বসের ঘরে ভালোবাসার নতুন বসন্ত! রাজবীর দে ও নন্দিনী দত্ত-র সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এবার চর্চার কেন্দ্রবিন্দুতে জীতু কমল এবং সৃজলা গুহ। অনস্ক্রিন জনপ্রিয়তার পর রিয়েলিটি শো-এর অন্দরেও তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। সম্প্রতি শুভবারের পর্বে দর্শকদের চমকে দিয়ে বিগ বসের ঘরেই সৃজলাকে সরাসরি প্রেম প্রস্তাব দিয়ে বসেন অভিনেতা জীতু কমল।

ঘটনার দিন মাইক্রোফোন হাত দিয়ে চেপে ধরে জীতু আবেগে ভেসে বলেন, “এই আকাশ, এই বাতাস, এই পাখি, এই নদী সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি।” জীতুর মুখ থেকে আচমকা এমন কথা শুনে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে যান সৃজলা, তাঁর চোখে-মুখে স্পষ্ট ফুটে ওঠে লাজুক হাসি। জীতু যখন উত্তর পেতে উদগ্রীব হয়ে বলেন, “হ্যাঁ বা না… উত্তরটা দাও, এটা আমার জানা জরুরি,” তখন অবশ্য সৃজলা বুদ্ধিমত্তার সঙ্গেই পরিস্থিতি সামলে নেন। বিষয়টিকে হালকা করে তিনি জীতুকে খেলায় মনোনিবেশ করার পরামর্শ দেন।

তবে টুইস্ট এখানেই শেষ নয়! জীতু সেখান থেকে চলে যাওয়ার পর ক্যামেরার সামনে একান্তে সৃজলা বলেন, “দূরে চলে গেলে শান্তি পেয়ে যাব। চাইনি ভালোবেসে ফেলো।” এতে পরিষ্কার যে জীতুর আবেগ তিনি বুঝলেও এখনই ঘর বা বাইরের পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে রাজি নন অভিনেত্রী।

উল্লেখ্য, এর আগে গায়ক দুর্নিবার সাহার সঙ্গে সৃজলার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়ালেও সেই সম্পর্ক অতীত। দুর্নিবারের সঙ্গে দূরত্ব বাড়ার পর জীতুই সৃজলার পাশে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে, ২০২৩ সালে প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদের পর জীতু ব্যক্তিগত জীবনে এগিয়ে গিয়েছেন। জীতুর এই পদক্ষেপ নিয়ে নবনীতা জানান, কাজের ব্যস্ততায় শো দেখতে না পেলেও তিনি প্রাক্তন স্বামীর সিদ্ধান্তকে সম্মান জানান এবং বিষয়টিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন। অন্যদিকে, সৃজলার সঙ্গে বাস্তব জীবনের অন্যতম চর্চিত নাম শন বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার দিকেও নজর রয়েছে দর্শকদের।