‘কথা’ জুটির প্রেম কি এবার ছাদনাতলায় গড়াচ্ছে? জন্মদিনে সাহেবকে এ কোন বার্তা দিলেন সুস্মিতা?

আজকের দিনে টালিউডের জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য ৪১ বছরে পা দিলেন। ১৭ নভেম্বর বিশেষ এই দিনে আরও এক বছর তরুণ হলেন অভিনেতা। আর তাঁর এই জন্মদিনটিকে আরও বেশি স্মরণীয় করে তুলতে একগুচ্ছ ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন তাঁর চর্চিত বিশেষ বন্ধু তথা অভিনেত্রী সুস্মিতা দে। তাঁদের এই রোম্যান্টিক পোস্ট ঘিরেই এখন তোলপাড় নেটদুুনিয়া।
এদিন নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে সুস্মিতা দে তাঁদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেন। ছবিগুলোর মধ্যে কোথাও তাঁদের নদীর ধারে অত্যন্ত ঘনিষ্ঠভাবে পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে, কোথাও আবার সাহেবের চোখের গভীরতায় হারিয়ে গেছেন সুস্মিতা, আবার কোথাও রয়েছে তাঁদের মিষ্টি মিরর সেলফিও। এই ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে সুস্মিতা লেখেন, ‘শুভ জন্মদিন আমার সবথেকে পছন্দের বৃশ্চিক রাশির মানুষ। তোমার সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোও আমার কাছে ভীষণভাবে বিশেষ মনে হয়। তুমিই আমাকে জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার এবং নতুন কিছু করার সাহস জোগাও। আমার ভাবনার থেকেও আমার এই জীবনকে তুমি আরও অনেক বেশি সুন্দর করে তুলেছ।’
সুস্মিতার এই আবেগঘন পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের নজর কাড়ে, আর তাতে সাড়া দিয়েছেন খোদ অভিনেতাও। সুস্মিতার সেই পোস্টে কমেন্ট করে সাহেব ভট্টাচার্য তাঁকে নিজের ‘লাইফলাইন’ বলে সম্বোধন করেছেন। অভিনেতা লিখেছেন, ‘তুমি আমার শক্তি, আমার মানসিক সাপোর্ট, আমার লাইফলাইন। তোমার উপস্থিতি আমার পুরো জীবনটাকে সুন্দর করে তুলেছে।’ শুধু তাই নয়, টলিপাড়ার অন্দরের চেনা মুখ রোহন ভট্টাচার্য সহ একাধিক সহকর্মী এবং অগণিত অনুরাগীও কমেন্ট বক্সে সাহেবকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-র সেটেই প্রথমবার একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। এই মেগা সিরিয়ালের হাত ধরেই দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় কামব্যাক করেছিলেন সাহেব। আর সেই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে করতেই তাঁদের মধ্যে প্রথমে ভালো লাগা, তারপর গভীর বন্ধুত্ব এবং বর্তমানে টলিপাড়ার ওপেন সিক্রেট প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে শহরের নানা প্রান্তে বিভিন্ন ইভেন্টে তাঁদের প্রায়শই একসঙ্গে হাতে হাত রেখে দেখা যায়। এমনকি তাঁরা বিভিন্ন জায়গায় ছুটি কাটাতেও যান। টলিউডের অন্দরে কান পাতলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে, খুব শীঘ্রই নাকি চার হাত এক হতে চলেছে এই জনপ্রিয় তারকাজুটির। যদিও এই বিয়ের গুঞ্জন নিয়ে তারকা জুটির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
কাজের সূত্রে বর্তমানে সাহেব ভট্টাচার্যকে স্টার জলসার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘গঙ্গা’-য় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন হিয়া মুখার্জি। অন্যদিকে, সুস্মিতা দে বর্তমানে স্টার জলসারই অপর একটি সফল মেগা সিরিয়াল ‘তিলোত্তমা’-য় প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে চলেছেন। একদিকে কেরিয়ারের সফল পথচলা এবং অন্যদিকে ব্যক্তিগত জীবনের এই রোম্যান্টিক রসায়ন সবমিলিয়ে বর্তমানে টলিউডের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই জুটি।