‘ওম শান্তি ওম’-এর আগে অজানা অধ্যায়! অনুপমের ক্লাসে কোন কঠিন শিক্ষা পেয়েছিলেন দীপিকা?

চোখে টলমল করছে জল। মেজাজ একেবারে বিগড়ে গিয়েছে। তবু হাত থেকে ঝাঁটা নামানোর কোনও উপায় নেই! ঘর ঝাঁট দিয়েই যেতে হবে, তাও আবার একদম বাড়ির কাজের লোকের মতো করে। ভাবতে পারছেন, এমন অবস্থার মুখে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন? এখন তিনি বলিউডের প্রথম সারির নায়িকা, বিশ্বজোড়া তাঁর পরিচিতি। অথচ একসময় সামান্য ঘর ঝাঁট দিতে গিয়েই রীতিমতো নাজেহাল হয়ে পড়েছিলেন তিনি! কেন এমন কাজ করতে হয়েছিল দীপিকাকে এবং কে-ই বা তাঁকে সেই পরিস্থিতিতে ফেলেছিলেন, তা নিয়েই সামনে এসেছে পুরনো দিনের এক চমকপ্রদ গল্প।
আসলে গোটা ঘটনাটি ঘটেছিল অভিনেতা অনুপম খেরের সামনে। রবিবার গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া বা ইফি (IFFI)-র এক আলোচনায় বসে পুরনো সেই স্মৃতি ভাগ করে নেন অনুপম খের। ঘটনাটি ২০০৭ সালের আগের, যখন শাহরুখ খানের বিপরীতে ফারহা খানের ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেনি দীপিকার। সেই সময় মুম্বইয়ে অনুপম খেরের অভিনয়ের স্কুল ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্সে ভর্তি হয়েছিলেন তিনি।
তখন দীপিকা ছিলেন বেশ পরিচিত মডেল এবং অত্যন্ত শিক্ষিত পরিবার থেকে উঠে আসা তরুণী। ফলে তাঁর চলাফেরা, ভঙ্গি ও কথাবার্তায় ছিল সাজানো-গোছানো আদব-কায়দা। অনুপম খেরের কথায়, দীপিকা ছিলেন তাঁদের দ্বিতীয় ব্যাচের ছাত্রী। তখনই ফারহা শাহরুখের বিপরীতে তাঁকে ছবিতে নেওয়ার কথা ঠিক করে ফেলেছিলেন। তবে মডেল হওয়ার কারণে সব কাজই খুব পরিপাটি ও কায়দা করে করতেন দীপিকা; এমনকী চায়ের কাপ তোলার ভঙ্গিতেও সেই ছাপ থাকত, যার ফলে মাঝেমধ্যে তাঁর অভিনয়কে স্বাভাবিক বলে মনে হতো না।
দীপিকার এই ‘মডেল’ ভঙ্গি কাটাতেই ক্লাসে এক বিশেষ পরীক্ষা নেন অনুপম। একদিন তিনি দীপিকাকে বলেন, বাড়ির কাজের লোকের মতো ঘর ঝাঁট দিতে। কিন্তু সেখানেও শুরু হয় বিপত্তি; ঝাঁটা হাতে নিয়েও অত্যন্ত কায়দা করে ঘর ঝাঁট দিতে থাকেন দীপিকা। তা দেখে অনুপম নিজের বাড়ির কাজের মহিলাকে ক্লাসে ডেকে আনেন এবং স্বাভাবিক ও মনোযোগ দিয়ে ঘর ঝাঁট দেওয়ার দৃশ্য দেখান।
এরপর অনুপম স্পষ্ট করে দেন, যতক্ষণ না তাঁর মনে হচ্ছে দীপিকা সত্যিই ঘর ঝাঁট দিচ্ছেন, ততক্ষণ এই অনুশীলন চলবে। শুরুর দিকে দারুণ বিরক্ত হয়ে পড়েছিলেন দীপিকা এবং তাঁর চোখে জল চলে এসেছিল। তবু হাল ছাড়েননি তিনি; অনুপমের চাহিদা অনুযায়ী কাজটি করে দেখান এবং পরে সেজন্য অনুপমকে ধন্যবাদও জানান। অনুপম খেরের মতে, এই ঘটনা শিখিয়েছিল যে কাজ রপ্ত করতে বারবার অভ্যাস প্রয়োজন এবং কাজের ক্ষেত্রে বুদ্ধিমত্তাও জরুরি। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ মুক্তি পাওয়ার পর সাফল্যের সেই ধারা আর থামেনি।