এআই বিকৃতি থেকে কিশোর অপরাধচক্র! ‘মৃগয়া ১.৫’-এ ঋত্বিক-কৌশানীর তদন্ত কতটা জমল?

অপরাধের জগৎ বদলেছে; বদলেছে অপরাধের ধরন, কৌশল এবং অপরাধীদের কাজ করার পদ্ধতিও। একসময় অপরাধের সূত্র খুঁজতে পুলিশকে নির্ভর করতে হত প্রত্যক্ষদর্শী, পারিপার্শ্বিক প্রমাণ কিংবা পরিচিত অপরাধীদের গতিবিধির উপর। এখন সেই অপরাধের বড় অংশেরই আশ্রয় ডিজিটাল পৃথিবী। সোশ্যাল মিডিয়া, অনলাইন প্রতারণা, এআই ভিত্তিক পরিচয় বিকৃতি থেকে শুরু করে প্রযুক্তিকে হাতিয়ার করে ব্ল্যাকমেল—দীর্ঘ হচ্ছে অপরাধের তালিকাও। এই বদলে যাওয়া অপরাধজগতের ছবিই নিজের নতুন ছবি ‘মৃগয়া ১.৫: দ্য হান্ট কন্টিনিউজ’-এ তুলে ধরেছেন পরিচালক অভিরূপ ঘোষ। তবে ছবিটি কেবল সাইবার অপরাধের বিবরণ নয়, তার সঙ্গে রয়েছে পুলিশি তদন্ত, অ্যাকশন, রহস্য এবং খানিক কমেডি।

‘মৃগয়া: দ্য হান্ট’ (২০২৫)-এর পরিচিত পুলিশি জগতের সঙ্গে যোগসূত্র থাকলেও নতুন ছবিটি সরাসরি আগের গল্পের পুনরাবৃত্তি নয়। বরং দেবাঞ্জন দত্তের অতীত এবং তাঁর পুলিশি জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় সামনে আনার চেষ্টা করেছেন পরিচালক। ছবির শুরুতেই দর্শক ফিরে যান ২০০৬ সালে। তরুণ দেবাঞ্জন কীভাবে তৎকালীন এসিপি অগ্নীশ্বর চট্টোপাধ্যায়ের (মীর আফসর আলি) তত্ত্বাবধানে পুলিশি প্রশিক্ষণ নিয়েছিলেন, সেই অংশটুকু দিয়েই কাহিনির ভিত তৈরি হয়। কয়েক মিনিটের এই ফ্ল্যাশব্যাকে পুরনো দিনের পুলিশি কাজের ধরন এবং বর্তমান সময়ের তদন্ত পদ্ধতির মধ্যে পার্থক্যও তুলে ধরা হয়েছে। বর্তমানে দেবাঞ্জন অভিজ্ঞ পুলিশ আধিকারিক। তাঁর নেতৃত্বাধীন দলে রয়েছেন জয়িতা সেন (কৌশানী মুখোপাধ্যায়) এবং পরিতোষ সাহা (অর্পণ ঘোষাল)। চিকিৎসাবিদ্যার অভিজ্ঞতা থাকা জয়িতা স্বভাবে বেশ আক্রমণাত্মক। অন্যদিকে, বাংলা ভাষার প্রতি পরিতোষের বিশেষ অনুরাগ এবং শব্দ নিয়ে তাঁর নানা কেরামতি ছবিতে কমেডি রিলিফের জায়গা তৈরি করে। প্রাক্তন প্রশিক্ষক অগ্নীশ্বরও প্রয়োজনমতো দেবাঞ্জনকে পরামর্শ দিয়ে যান।

এক নাবালিকার উপর যৌন নির্যাতনের ঘটনা দিয়েই ছবির মূল তদন্ত শুরু। দেবাঞ্জন ও তাঁর দল প্রথমে এই অপরাধের পিছনে থাকা ব্যক্তিদের খুঁজতে নামে। কিন্তু তদন্ত যত এগোয়, ততই স্পষ্ট হয়, ঘটনাটি বিচ্ছিন্ন কোনও অপরাধ নয়। এর পিছনে রয়েছে অনেক বড় একটি চক্র। ভুয়ো অপরাধের নাটক সাজানো, হানিট্র্যাপ, ব্ল্যাকমেল, তোলাবাজি, ডাকাতি, ফিশিং, ছবি বিকৃত করে অপব্যবহার, গ্যাংয়ের সংঘর্ষ, এমনকী খুনের মতো একাধিক অপরাধের যোগসূত্র সামনে আসতে থাকে। ছবির প্রথমার্ধে মূলত নাবালিকার জন্য ন্যায়বিচার পাওয়ার লড়াই এবং তদন্তের প্রাথমিক গতিপ্রকৃতির উপর জোর দেওয়া হয়েছে। তবে এই অংশে গল্পের গতি কিছুটা মন্থর মনে হতে পারে। পরিচিত ক্রাইম থ্রিলারের ছকেই কাহিনি এগোচ্ছে বলে যখন মনে হয়, দ্বিতীয়ার্ধে তখনই তদন্তের গতিপথে আসে বড় পরিবর্তন। অপরাধের জাল যে কতটা বিস্তৃত, তা ক্রমশ সামনে আসে এবং বিপদের মাত্রাও বাড়তে থাকে।

এই অপরাধচক্রের কেন্দ্রে রয়েছে একদল কিশোর-কিশোরী। প্রযুক্তির ব্যবহার সম্পর্কে তাদের জ্ঞান যথেষ্ট গভীর। ডিজিটাল প্ল্যাটফর্মের দুর্বলতা কাজে লাগানো, তথ্য বিকৃত করা কিংবা পুলিশের চোখে ধুলো দেওয়ার মতো কাজে তারা বেশ দক্ষ। যে প্রজন্ম প্রযুক্তির সঙ্গে বড় হচ্ছে, সেই প্রযুক্তিগত দক্ষতাই কীভাবে অপরাধের হাতিয়ার হয়ে উঠতে পারে, তা দেখানোর চেষ্টা করেছেন অভিরূপ। তবে বিষয়টিকে নিছক সাইবার অপরাধের সচেতনতামূলক পাঠে পরিণত করেননি তিনি; বরং বাণিজ্যিক ছবির উপাদান হিসেবে সাসপেন্স, অ্যাকশন ও বিনোদনের সঙ্গে বিষয়টিকে মেলানোর চেষ্টা রয়েছে। যদিও এই ধরনের অপরাধের বিস্তার এবং তার সামাজিক প্রভাব নিয়ে ছবিটি আরও গভীরে যেতে পারত।

সৌমিত দেবের সংলাপে পরিতোষের মুখে বাংলার নানা শব্দের দ্ব্যর্থক ব্যবহার হাসির খোরাক জোগায়, যদিও কিছু সংলাপে অন্য বাংলা ছবির পরিচিত সংলাপের প্রভাবও চোখে পড়ে। অরিত্র বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য ও দেবাশিস দত্তের লেখনীতে রহস্য, আবেগ, নাটকীয়তা, হাস্যরস ও অ্যাকশনকে একসঙ্গে রাখার চেষ্টা রয়েছে। প্রথমার্ধের চিত্রনাট্য আরও আঁটসাঁট হলে টানটান ভাব বাড়ত, তবে দ্বিতীয়ার্ধে গতি ও ঘটনাপ্রবাহ তুলনায় জমাট। দেবাঞ্জন দত্তের চরিত্রে ঋত্বিক চক্রবর্তী অতিরিক্ত বীরত্বের মোড়কে না জড়িয়ে অচেনা অপরাধের মুখে পুরনো পদ্ধতি নিয়ে নতুন করে ভাবার দিকটি ফুটিয়ে তুলেছেন। মারকুটে জয়িতা সেনের চরিত্রে কৌশানী মুখোপাধ্যায় নজর কাড়েন, যদিও কয়েকটি দৃশ্যে তাঁর বাংলা উচ্চারণ আরও স্পষ্ট হতে পারত। স্বাভাবিক অভিনয়ে স্বচ্ছন্দ অর্পণ ঘোষাল, বিশ্বাসযোগ্য উপস্থিতি মীর আফসর আলির এবং শ্রেয়াংশীর চরিত্রে অনন্যা ভট্টাচার্যের অভিনয়ও স্মরণীয়। আগের ছবির সঙ্গে যোগসূত্র থাকলেও নতুন চরিত্র ও অপরাধের প্রেক্ষাপট থাকায় প্রথম ছবি না দেখলেও গল্প বুঝতে অসুবিধা হয় না, আর শেষের বিশেষ অতিথি উপস্থিতি পরবর্তী ছবির ইঙ্গিত দেয়। অভিরূপ ঘোষ ও মোহনের অ্যাকশন কোরিওগ্রাফি শেষের লড়াইয়ের দৃশ্যে নজর কাড়ে, তবে পরিচিত সিনেম্যাটিক ক্লিশে এবং অপরাধীকে চিনতে না পারার দৃশ্য আরও বিশ্বাসযোগ্য হতে পারত। সব মিলিয়ে মাথাভর্তি চুলের লুকে চেনা ঋত্বিকের চমক থাকলেও বিষয়বস্তুর গভীরতা ব্যবহারের সুযোগ পুরোপুরি কাজে লাগেনি।