পদ্মা সেতু প্রান্তে ককটেল-গুলি, বিএনপি-আওয়ামী সংঘর্ষে মৃত্যুর মিছিল বাংলাদেশে

বাংলাদেশে ফের রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি ঘটেছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। নিহত দু’জনই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মী বলে জানা গেছে।
নিহতদের মধ্যে রয়েছেন যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার। অন্যদিকে, মাদারীপুরের শিবচরের বাসিন্দা নিজামউদ্দিন মৃধারও মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনিও আওয়ামী লীগের কর্মী ছিলেন। রবিবার দুপুরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও এই সংঘর্ষে দু’জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে নাওডোবা এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তা আটকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ককটেল ছোড়াছুড়ি হয়। ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হন এবং অন্তত দু’জন গুলিবিদ্ধ হওয়ার খবরও সামনে আসে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
পুলিশ সুপার জানান, রাস্তা আটকানোর চেষ্টা থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর ককটেল ছোড়াছুড়ি ও বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপটে জানা গেছে, আওয়ামী লীগ ২৯ ও ৩০ নভেম্বর দু’দিনের লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল। সেই কর্মসূচিকে ঘিরেই দক্ষিণ বাংলাদেশের একাধিক জেলায় উত্তেজনা তৈরি হয়। শনিবার থেকেই বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং কয়েকটি জায়গায় রাস্তা আটকে দেওয়ার ঘটনাও ঘটে। রবিবার সেই কর্মসূচিকে ঘিরেই শরীয়তপুরের নাওডোবা এলাকায় এই সংঘর্ষ বাধে।
এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে। রাজনৈতিক সংঘর্ষে দু’জনের মৃত্যুর ঘটনায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।