ডিলিমিটেশন বিল ঘিরে তীব্র রাজনৈতিক তরজা! ‘জেরিম্যান্ডারিং’-এর অভিযোগে সরব বিরোধীরা

সীমানা পুনর্বিন্যাস বিল বা ডিলিমিটেশন বিল নিয়ে দেশের রাজনীতিতে টানাপোড়েন তুঙ্গে। বছরের শুরুতে সংসদে এই বিল আটকে গেলেও, বছর শেষ হতে হতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার স্বস্তির জায়গায় পৌঁছেছে বলে দাবি। শুধু এনডিএ শিবির নয়, বিভিন্ন আঞ্চলিক দল এমনকি ইন্ডিয়া জোটের বর্তমান ও প্রাক্তন শরিকদের একাংশও বিলটিকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। তবে এই ডিলিমিটেশন বিলকে ঘিরে উদ্বেগ বাড়ছে বিরোধী শিবিরে। বিরোধীদের অভিযোগ, এই বিলের মাধ্যমে স্থায়ীভাবে বিজেপিকে ক্ষমতায় রাখার কৌশল নেওয়া হচ্ছে এবং ডিলিমিটেশন কমিশনের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। বিষয়টিকে সরাসরি ‘জেরিম্যান্ডারিং’ (Gerrymandering) বলে আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ডিলিমিটেশন বিলের আওতায় সব রাজ্যের লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানো হবে, যাতে মহিলা জনপ্রতিনিধিদের সংরক্ষণ কার্যকর করা যায়। তিন বছর আগেই মহিলা সংরক্ষণ বিল সর্বসম্মতভাবে সংসদে পাস হয়েছিল। বিরোধীদের অভিযোগ, এতদিন পর মহিলা সংরক্ষণের অজুহাতে ঘুরপথে ডিলিমিটেশন চালু করা হচ্ছে এবং দেশের নির্বাচনী মানচিত্র ও রাজনৈতিক ভারসাম্য উল্টে দেওয়ার চেষ্টা চলছে। সেখান থেকেই জেরিম্যান্ডারিং বিতর্ক জোরালো হয়েছে।

জেরিম্যান্ডারিং কী? আমেরিকার নির্বাচনী রাজনীতিতে বহুল পরিচিত শব্দ জেরিম্যান্ডারিং। এর সহজ অর্থ হলো, ইচ্ছাকৃতভাবে নির্বাচনী কেন্দ্রের সীমানা বদল করে এমন একটি কাঠামো তৈরি করা, যাতে একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠী নির্বাচনী লড়াইয়ে বাড়তি সুবিধা পায়। ভারত ও আমেরিকার মতো একক-সদস্য কেন্দ্রভিত্তিক নির্বাচন ব্যবস্থায় ভোটারদের ভৌগোলিক বিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমানা পুনর্বিন্যাসে সেই সমীকরণ পাল্টে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

শব্দটির উৎপত্তির সঙ্গে জড়িয়ে রয়েছে আমেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এলব্রিজ জেরির পদবী এবং ‘স্যাল্যামান্ডার’ (Salamander) শব্দটি। ১৮১২ সালে ম্যাসাচুসেটসের গভর্নর থাকাকালীন জেরি একটি সীমানা পুনর্বিন্যাস বিলে স্বাক্ষর করেন, যার ফলে অঙ্গরাজ্যের জেলাগুলির নির্বাচনী মানচিত্র এমনভাবে বদলে যায় যাতে তাঁর দল লাভবান হয়। ওই পরিবর্তনের ফলে এসেক্স কাউন্টির মানচিত্র অদ্ভুত আকার নেয়, যা দেখতে অনেকটা টিকটিকি গোত্রের উভচর প্রাণী স্যাল্যামান্ডারের মতো হয়ে দাঁড়ায়। সেই নিয়ে প্রকাশিত রাজনৈতিক ব্যঙ্গচিত্রে এসেক্স কাউন্টিকে পৌরাণিক প্রাণীর রূপ দিয়ে নাম দেওয়া হয় ‘জেরি-ম্যান্ডার’।

কীভাবে বদলে যায় নির্বাচনী মানচিত্র? জেরিম্যান্ডারিংয়ের কয়েকটি পরিচিত কৌশল রয়েছে—

  • ক্র্যাকিং (Cracking): কোনও বিশেষ গোষ্ঠী বা ভোটব্যাঙ্কের ভোটারদের একাধিক কেন্দ্রে ছড়িয়ে দেওয়া হয়, যাতে সম্মিলিতভাবে তাঁদের ভোট দেওয়ার প্রভাব কমে যায়।

  • প্যাকিং (Packing): নির্দিষ্ট গোষ্ঠীর ভোটারদের একটি মাত্র কেন্দ্রে সীমাবদ্ধ রাখা হয়, ফলে অন্য আসনগুলিতে তাঁদের প্রভাব কমে।

  • হাইজ্যাকিং (Hijacking): দুটি নির্বাচনী কেন্দ্রকে একত্রিত করে দুই আসনের ক্ষমতাসীন জনপ্রতিনিধিকে একই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য করা হয়।

  • কিডন্যাপিং (Kidnapping): কৌশলে বিজয়ী প্রার্থীর ঠিকানা অন্য কেন্দ্রে স্থানান্তরিত করা হয়, যাতে পরের নির্বাচনে তাঁর জেতা কঠিন হয়ে পড়ে।

ডিলিমিটেশন বিলের মাধ্যমে কেন্দ্র জেরিম্যান্ডারিংয়ের পথেই হাঁটছে বলে অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি।

ইতিহাস কী বলছে? সাম্প্রতিক সময়ে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন ঘিরেও জেরিম্যান্ডারিংয়ের অভিযোগ উঠেছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবিরের বিরুদ্ধেই জেলার মানচিত্র বদলের অভিযোগ ওঠে। ২০২৫ সালের অগাস্টে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে টেক্সাসের নতুন নির্বাচনী মানচিত্র আঁকা হয়, যাতে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের পাঁচটি অতিরিক্ত আসন জেতার পথ তৈরি হয়। এরপর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত ক্যালিফোর্নিয়াতেও একই পদক্ষেপ নেওয়া হয়। তবে টেক্সাসে রিপাবলিকানরা পাঁচটির মধ্যে মাত্র একটি আসনে জয় পায় এবং নিজেদের জেতা আসনও হারায়। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকানদের দখলে থাকা পাঁচটি আসন ডেমোক্র্যাটদের হাতে চলে যায়।

২০১৯ সালে নর্থ ক্যারোলাইনা ও মেরিল্যান্ডের নির্বাচনী মানচিত্র বদল সংক্রান্ত মামলায় আমেরিকার সুপ্রিম কোর্ট ৫-৪ রায়ে জানায়, রাজনৈতিক জেরিম্যান্ডারিংয়ের বিষয়টি তাদের এক্তিয়ারের বাইরে; তবে বর্ণবৈষম্যের অভিযোগ থাকলে যুক্তরাষ্ট্রীয় আদালতে যাওয়া যায়। বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকদের মতে, সীমানা পুনর্বিন্যাসের ক্ষেত্রে কমিশনের মাথায় নিরপেক্ষ ব্যক্তিদের রাখা জরুরি। ভারতের ক্ষেত্রে ডিলিমিটেশন প্রক্রিয়ায় জ্ঞানেশ কুমারের ভূমিকা ও ক্ষমতা, পাশাপাশি কেন্দ্রের পছন্দ অনুযায়ী বিচারপতি নিয়োগের মতো বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।