শীতে অযোধ্যা পাহাড়ে জমজমাট ভিড়! হোটেল-রিসোর্টের জন্য ১০ দফা কড়া নিয়ম পুরুলিয়া পুলিশের

শীতের আমেজে পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে উঠছে জঙ্গলমহল পুরুলিয়া। অযোধ্যা পাহাড়, আপার ড্যাম এবং বামনি ফলসসহ জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ক্রমশ বাড়ছে ভ্রমণপিপাসুদের আনাগোনা। পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবার আগাম প্রস্তুতি নিল পুরুলিয়া জেলা পুলিশ। পর্যটন মরশুমে হোটেল, লজ, কটেজ, রিসোর্ট এবং হোম স্টে কর্তৃপক্ষের জন্য জারি করা হয়েছে ১০ দফা নির্দেশিকা।

রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের দেওয়া ডিসেম্বর মাসে পর্যটক সংখ্যার নিরিখে মিলিয়ন টার্গেট পূরণের লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সক্রিয় ভূমিকা নিয়েছে জেলা পুলিশ। এই লক্ষ্যে অযোধ্যা পাহাড়ে বিভিন্ন দফতর এবং পর্যটন আবাসের কর্তৃপক্ষকে নিয়ে বিশেষ সমন্বয় বৈঠক করেন পুলিশ আধিকারিকরা। রাজ্যে পালাবদলের পর এই প্রথম পর্যটনকেন্দ্রগুলির নিরাপত্তা ও পরিষেবা নিয়ে এত বড় সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে।

বৈঠকে যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে অযোধ্যা পাহাড়ে যাতায়াতের জন্য শুধু সিরকাবাদের পাকদণ্ডী রাস্তাই নয়, রয়েছে মোট সাতটি রাস্তা। আপার ড্যাম, বামনি ফলস ও অযোধ্যা হিলটপের মতো জনপ্রিয় স্পটে যাতে যানজট তৈরি না হয়, সেজন্য নতুন ট্রাফিক নির্দেশিকা তুলে ধরা হয়। অতীতে আপার ড্যামে তীব্র যানজটের একটি ভিডিয়ো দেখিয়ে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে আবাস কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পাহাড়ি রাস্তার ব্লাইন্ড জোনে আয়না বসানো এবং রাস্তার ধারের ঝোপঝাড় পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

পর্যটকদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। কোনও পর্যটক আবাসে যতজন অতিথি আসবেন, প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র সংগ্রহ করা বাধ্যতামূলক। একটি দলে ২৪ জন পর্যটক থাকলেও প্রত্যেকের পরিচয়পত্র রাখা আবশ্যক। প্রতিটি হোটেল, লজ ও রিসোর্টে একজন করে নোডাল ম্যানেজার নিয়োগ করতে হবে, যিনি নিয়মিত পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবেন।

ঝালদার মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ জানান, অন্যত্র অপরাধ করে কেউ যাতে অযোধ্যা পাহাড়ে এসে আত্মগোপন করতে না পারে, তা নিশ্চিত করতেই এই কড়াকড়ি। প্রয়োজনে গভীর রাতেও পুলিশ পর্যটক আবাসের রেজিস্টার পরীক্ষা করতে পারবে। পাশাপাশি স্থানীয় মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তাও দেওয়া হয়েছে।

পর্যটকদের জন্য বেশ কিছু নিয়ম মানা বাধ্যতামূলক করা হয়েছে। পর্যটন আবাস থেকে দূরে জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করার প্রস্তাব দেওয়া হলেও তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। এর ফলে বন্যপ্রাণের ক্ষতি, বনাঞ্চলে অগ্নিকাণ্ড এবং স্থানীয় মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং শব্দবিধি মেনেই পর্যটন আবাস চালাতে হবে। পর্যটকরা পৌঁছানোর সময়ই তাঁদের হাতে সংশ্লিষ্ট নিয়মাবলির প্রচারপত্র তুলে দিতে হবে। কোনও বিধি লঙ্ঘন হলে তার দায় সংশ্লিষ্ট হোটেল বা রিসোর্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা চালু হচ্ছে। ট্রেকিং, রক ক্লাইম্বিং, ড্রোন ওড়ানো, শুটিং বা নাইট ট্রেলিং করতে হলে সংশ্লিষ্ট দফতরের অনুমতি বাধ্যতামূলক। তবে পর্যটকদের যাতে আলাদা করে বিভিন্ন দপ্তরে ঘুরতে না হয়, সেজন্য সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করছে জেলা পুলিশ। পর্যটক আবাসের মাধ্যমে সংশ্লিষ্ট ফাঁড়ি বা থানায় আবেদন জমা পড়লে পুলিশ তা প্রয়োজনীয় দফতরে পাঠিয়ে দেবে এবং নিয়ম মেনে অনুমতি মিললে পর্যটকদের হাতে অনুমতিপত্র তুলে দেওয়া হবে।

পর্যটকদের সহায়তায় বিভিন্ন পর্যটনকেন্দ্রে আগের মতোই পুলিশ কিয়স্ক থাকবে। নতুন উদ্যোগ হিসেবে মোবাইল নেটওয়ার্কের ছায়া অঞ্চল বা মোবাইল শ্যাডো জোনগুলিতেও পুলিশ কিয়স্ক বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলিতে শৌচাগারের অভাব মেটাতে বায়ো-টয়লেট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সাধারণ প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, “বদলে গিয়েছে পুরুলিয়া। নির্ভয়ে জঙ্গলমহলে আসুন। শীতের মরশুমে বিপুল সংখ্যক পর্যটক সামলাতে সাধারণ প্রশাসন ও বনদফতরকে সঙ্গে নিয়ে পুরুলিয়া জেলা পুলিশ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। নির্দেশিকাগুলি সমন্বয় বৈঠকের মাধ্যমে পর্যটন আবাসের কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।”

তিনি জানান, চলতি বছরের জুন মাস পর্যন্ত পুরুলিয়ায় ছয় লক্ষের বেশি পর্যটক এসেছেন এবং ডিসেম্বরের মধ্যে সেই সংখ্যা দশ লক্ষে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। বৈঠকে পুরুলিয়া বন বিভাগের এডিএফও সায়নী নন্দী এবং বিডিও সৌমিত্রপ্রতীম প্রধান-সহ বিভিন্ন পর্যটন আবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।