৮৫০ আসনের প্রস্তাবে তীব্র কটাক্ষ তারুরের: ‘সংসদে শুধু হাততালিই পড়বে!’

লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮১৫ বা ৮৫০ করার প্রস্তাব নিয়ে কেন্দ্রের উদ্দেশ্য ও সংসদীয় আলোচনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ শশী তারুর। সোমবার সংসদের বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পেশ হতে পারে বলে খবর। তার আগেই ঝাড়খণ্ডের জামশেদপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিরুঅনন্তপুরমের এই সাংসদ আশঙ্কা প্রকাশ করেছেন, আসন পুনর্বিন্যাসের নামে দেশের নির্বাচনী মানচিত্র এমনভাবে বদলে ফেলার চেষ্টা হতে পারে, যাতে রাজনৈতিকভাবে সুবিধা পায় শাসক দল।

প্রস্তাবিত বিলে লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৮৫০ করার কথা বলা হয়েছে—যার মধ্যে রাজ্যগুলি থেকে সর্বাধিক ৮১৫ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ৩৫ জন সাংসদ থাকতে পারেন। পাশাপাশি রাজ্য বিধানসভার সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৬৫০ করার প্রস্তাবও রয়েছে। মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে দাবি করেছে কেন্দ্র।

তবে এত বিপুল সংখ্যক সাংসদ হলে সংসদে আদৌ অর্থবহ আলোচনা সম্ভব কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারুর। তাঁর মতে, বর্তমান প্রায় ৫৪০ জন সাংসদ নিয়েই সংসদ পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে; সেখানে সংখ্যা বাড়িয়ে ৮১৫ করা হলে মন্ত্রীদের প্রশ্ন করা, এলাকার সমস্যা তুলে ধরা বা জিরো আওয়ারে বক্তব্য রাখার সুযোগ আরও সংকুচিত হবে। কটাক্ষ করে তিনি বলেন, ‘এত সাংসদ থাকলে অনেকে হয়তো শুধু হাততালি দিতেই সংসদে আসবেন।’

নির্বাচনী কেন্দ্রের সীমানা নতুন করে নির্ধারণের মাধ্যমে শাসক দল নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করতে পারে বলেও সতর্ক করেছেন তারুর। তাঁর প্রশ্ন, সরকার কি দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থ দেখছে, নাকি কেবল আগামী দুই থেকে পাঁচ বছরের রাজনৈতিক লাভের হিসাব কষছে?

অন্যদিকে, প্রস্তাবিত বিলের বিরুদ্ধে বিরোধীদের অবস্থান স্পষ্ট করতে তৎপর কংগ্রেস-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গের মতো শীর্ষ নেতারা এম কে স্ট্যালিন ও শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ ও বৈঠক করছেন, যদিও ডিএমকে এবং এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী) ইতিমধ্যেই বিলের প্রতি সমর্থন জানিয়েছে বলে খবর। বিরোধীদের অভিযোগ, এই পদক্ষেপে তফসিলি জাতি ও জনজাতির স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এবং গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার চেষ্টা চলছে।