ডিলিমিটেশন বিল: রবিতেই দিল্লির পথে শুভেন্দু, সুকান্তরা! জরুরি নৈশভোজে ২০ NCPI সাংসদ?

সোমবার (৩০ নভেম্বর) সংসদের বিশেষ অধিবেশন শুরুর ঠিক আগে ডিলিমিটেশন বিল ঘিরে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে বিজেপির অন্দরে। বিলের পক্ষে সমর্থন ও ভোটের অঙ্ক নিশ্চিত করতে রবিবার বিকেলেই দিল্লির পথে রওনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন রাতেই সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে একটি জরুরি নৈশভোজের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপিআই-এর ২০ জন সাংসদের এবং প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
তড়িঘড়ি দিল্লি যাত্রা ও সাংসদদের ডাক
বাংলার বিজেপির ২০ জন লোকসভা সাংসদের পাশাপাশি রাজ্যসভার সাংসদদেরও জরুরি ভিত্তিতে দিল্লিতে ডাকা হয়েছে। এই তলবের কারণে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে রাজধানী ছুটছেন সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্য-সহ একাধিক নেতা।
সূত্রের দাবি, আন্দামানের বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায়কেও ডাকা হয়েছে। শেষ মুহূর্তে কোনও ঝুঁকি এড়াতে এবং সোমবার বিল পেশ করার আগে এনডিএ জোটের শরিক ও সংশ্লিষ্ট সাংসদদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংখ্যা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
কেন এই জরুরি বৈঠক?
সংসদে বিল পাশ করানোর পাটিগণিত নিয়ে যখন কেন্দ্রীয় নেতৃত্ব তৎপর, ঠিক তখনই বিলের বিরোধিতায় বিরোধী শিবিরকে সংহত করার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস-সহ এনডিএ বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের বাসভবনের নৈশভোজে এনসিপিআই সাংসদদের উপস্থিতি এবং আলোচনার গতিপ্রকৃতি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।