মুম্বইয়ের মঞ্চে শাহরুখ খানের সঙ্গে নীল ভট্টাচার্য! নেটদুনিয়ায় ঝড় তুলেছে কোন ভিডিয়ো?

কলকাতা নাইট রাইডার্সের প্রতি নীল ভট্টাচার্যের ভালোবাসা ও শাহরুখ খানের প্রতি তাঁর অনুরাগের কথা সবারই জানা। শাহরুখের নতুন ছবি মুক্তি পেলে প্রথম দিন প্রথম শো দেখার অভ্যাস রয়েছে এই টেলি-তারকার। এবার একেবারে বলিউড বাদশার সঙ্গে একমঞ্চে দেখা গেল নীলকে। মুম্বইয়ের এক অনুষ্ঠানে শাহরুখ খানের সামনে বাংলায় ‘কিং’ ছবির সংলাপ বলে চমকে দেন তিনি। মাতৃভাষায় সংলাপ শুনে আপ্লুত শাহরুখ যেভাবে তাঁকে জড়িয়ে ধরেছেন, সেই ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শুক্রবার, ২৮ নভেম্বর ‘বিগ ফ্রাইডে’ উপলক্ষে মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর গান ‘ড্যাডি কুল’। ওই গানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীল ভট্টাচার্য। দেশের প্রথম সারির একাধিক কনটেন্ট ক্রিয়েটরের মাঝে বাদশার সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়ে বাংলায় কথা বলে আলাদা নজর কাড়েন তিনি। প্রিয় তারকার পাশে থেকে ‘কিং’-এর সংলাপ পরিবেশন করে শাহরুখের স্নেহ ও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, শাহরুখের পাশে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নীল বলছেন, “আমি খুনি না বাবুমশাই, আমি প্রেমিক। আর আমার চোখ শুধু সোনাকে খোঁজে। আর যেই প্রেমিক বুকে আগুনই না লাগাতে পারে, সে আবার কীসের প্রেমিক রে পাগলা?” এই সংলাপ শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শাহরুখ। কলকাতার প্রতি নিজের ভালোবাসার কথা বারবার বলা কিং খান এদিনও ‘কেকেআর’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সংলাপ শেষে নীলকে বুকে জড়িয়ে নেন। এই আবেগঘন মুহূর্ত নিয়ে নীল জানিয়েছেন, দিনটি তাঁর কাছে চিরস্মরণীয় এবং কার্যত ‘জীবনের সেরা দিন’।