‘সন্তান কোনও সম্পত্তি বা খেলনা নয়’, হেফাজত মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে সন্তানকে নিয়ে টানাটানি করা যায় না—সন্তান কোনও সম্পত্তি বা খেলনা নয়। সন্তানের হেফাজত নিয়ে বিরোধের ক্ষেত্রে বাবা-মায়ের অধিকারের চেয়ে সন্তানের মানসিক ও আবেগগত ভালো থাকাকেই বেশি গুরুত্ব দিতে হবে। এক গুরুত্বপূর্ণ মামলায় এমনই স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৬ ও ১৪ বছর বয়সি দুই ছেলেকে মায়ের কাছেই থাকার অনুমতি দিয়েছেন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অপারেশ কুমার সিংয়ের বেঞ্চ, পাশাপাশি বাবার সঙ্গে নিয়মিত দেখা করার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে।

কেন সুপ্রিম কোর্টে গড়াল মামলা?

২০০৯ সালের অগস্টে বিয়ে করেছিলেন ওই দম্পতি এবং ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই ছেলের জন্ম ২০১০ সালের জুলাই ও ২০১২ সালের মে মাসে। পরে স্বামীর আবেদনে ২০১৮ সালে নিষ্ঠুরতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদ মঞ্জুর হলেও সন্তানের হেফাজত নিয়ে আইনি লড়াই চলতে থাকে। মাদুরাইয়ের ফ্যামিলি কোর্ট দুই ছেলের হেফাজত বাবার হাতে দেওয়ার নির্দেশ দেয় এবং ২০২৪ সালের অক্টোবরে মাদ্রাজ হাই কোর্টও সেই সিদ্ধান্ত বহাল রাখে। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মা।

বিচারপতিদের সামনে কী বলল দুই ছেলে?

শুনানির সময় বাবা-মায়ের অনুপস্থিতিতে দুই কিশোরের সঙ্গে আলাদাভাবে কথা বলেন বিচারপতিরা। দুই ছেলেই জানায় যে তারা মায়ের সঙ্গে থাকতে চায় এবং বাবার সঙ্গে থাকতে আগ্রহী নয়। তাদের বক্তব্য, জীবনে মাত্র চার-পাঁচবার বাবার সঙ্গে দেখা হয়েছে এবং শৈশবে প্রায় দু’বছর বাবার কাছে থাকার অভিজ্ঞতা রয়েছে। আদালতের মতে, দুই কিশোরই যথেষ্ট পরিণত ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের মতামত জানিয়েছে, তাই তাদের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া দরকার।

বাবা যোগ্য হলেও কেন মায়ের কাছেই থাকবে সন্তানরা?

সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাবা হেফাজত পাওয়ার যোগ্য হলেই যে তাঁকেই সন্তানকে দিতে হবে, এমন কোনও বাধ্যতামূলক নিয়ম নেই। বিচ্ছেদের পর থেকে মা একাই দুই ছেলের লালনপালন ও পড়াশোনার দায়িত্ব সামলেছেন এবং শিক্ষায় কোনও গাফিলতি হয়নি। মায়ের সঙ্গে তাদের গভীর আবেগের সম্পর্ক তৈরি হয়েছে। পরিচিত পরিবেশ থেকে সরিয়ে বাবার কাছে পাঠালে তাদের মানসিক স্বাস্থ্য, পড়াশোনা ও স্বাভাবিক বেড়ে ওঠায় প্রভাব পড়তে পারে বলে মনে করেছে বেঞ্চ।

বাবার সঙ্গে দেখা করার নির্দেশ

সন্তানদের জীবন থেকে বাবাকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে চায়নি শীর্ষ আদালত। নির্দেশ অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত মাদুরাইয়ের গান্ধী মিউজিয়ামে বাবার সঙ্গে দেখা করতে পারবে দুই ছেলে। পোঙ্গল ও অর্ধবার্ষিক ছুটিতেও সাক্ষাতের সুযোগ থাকবে। মায়ের বাড়ি বা গান্ধী মিউজিয়ামে দেখা করা যাবে এবং আগে ফোন বা WhatsApp-এ মাকে জানাতে হবে। ভবিষ্যতে পড়াশোনার খরচের প্রয়োজন হলে বাবা আর্থিক সহায়তা করবেন এবং দেখা করার ব্যবস্থা কার্যকর করার দায়িত্ব থাকবে মায়ের ওপর।

সন্তানের কল্যাণই সর্বাগ্রে

নাবালকের হেফাজত নির্ধারণে সন্তানের সার্বিক কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। Guardians and Wards Act, 1890-এর ১৭ নম্বর ধারার প্রসঙ্গ টেনে আদালত বুঝিয়ে দিয়েছে যে শুধু বাবা বা মায়ের আইনি অধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। সন্তানের মানসিক অবস্থা, শিক্ষা, নিরাপত্তা, ভালোবাসা এবং তার মতামত সবই বিবেচ্য, যাতে বিবাহবিচ্ছেদের জেরে সন্তান বাবা-মায়ের বিরোধের শিকার না হয়।