প্রাইম টাইমে বাধ্যতামূলক বাংলা ছবি, ‘সাধক বামাক্ষ্যাপা’ নিয়ে নবান্নে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি সিনেমা হলে প্রাইম টাইমে দেখাতে হবে। রাজ্যের সমস্ত মাল্টিপ্লেক্স ও সিনেমা হলে প্রাইম টাইমে চালাতে হবে বাংলা ছবি। সূত্রের খবর, নবান্ন সভাঘরে বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, বাংলা সিনেমা চালাতে হল মালিকদের আপত্তি কোথায়, তা জানতে একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি।
গত ২০ নভেম্বর মুক্তি পাওয়ার পর দর্শকমহলে ভালো সাড়া ফেলে ‘সাধক বামাক্ষ্যাপা’। কিন্তু আগামী ২৭ নভেম্বর একটি হিন্দি ছবির মুক্তির কথা থাকায় একাধিক হল ও মাল্টিপ্লেক্সে বাংলা ছবিটির শো তুলে নেওয়ার বা কমানোর উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই জটিলতার মাঝেই মঙ্গলবার নবান্ন সভাঘরে টলিউডের প্রযোজক, পরিচালক, পরিবেশক এবং সিনেমা হল মালিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবির প্রদর্শন নিশ্চিত করতে হবে। অন্যান্য ভাষার ছবি প্রদর্শনে কোনও বাধা না থাকলেও বাংলা ছবির প্রাইম টাইম স্লট নিয়ে কোনও আপস করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট হলের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ বা লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপের হুঁশিয়ারিও উঠে এসেছে।
এছাড়া, সিনেমা চালিয়ে কোনও হল মালিকের ক্ষতির আশঙ্কা থাকলে তা খতিয়ে দেখা এবং প্রযোজক ও সরকারের সমন্বয়ে সমাধানের পথ খোঁজার কথাও আলোচিত হয়েছে। বাংলা সিনেমার প্রদর্শন ও পরিকাঠামো সংক্রান্ত সার্বিক সমস্যা খতিয়ে দেখতে এবং হল মালিকদের বক্তব্য ও আপত্তি বিবেচনা করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে প্রবীণ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই কমিটি গঠনের কথা রয়েছে এবং পরবর্তী বৈঠকে এই সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত রূপরেখা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।