দীর্ঘদিনের বকেয়া মিটছে স্বনির্ভর গোষ্ঠীর, কারা ও কীভাবে পাবেন ভর্তুকির টাকা?

পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) মহিলাদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। দীর্ঘদিনের বকেয়া সুদের ভর্তুকি মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরও ১০০ কোটি টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, যার ফলে উপকৃত হতে পারেন প্রায় ৬ লক্ষ মহিলা। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই অর্থ হাতে এলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ব্যবসা ও আর্থিক কর্মকাণ্ডে বড় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর ঋণের সুদের ভর্তুকি বাবদ মোট প্রায় ২৫০ কোটি টাকা বকেয়া ছিল। এর মধ্যে ইতিমধ্যেই ১৫০ কোটি টাকা পাঠানো হয়েছে এবং অবশিষ্ট ১০০ কোটি টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে মেটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পর্যায়ে প্রায় ৬ লক্ষ মহিলার তথ্য যাচাইয়ের কাজ চলছে।
মূলত ব্যবসা, ক্ষুদ্র শিল্প বা অন্যান্য অর্থনৈতিক কাজের জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ব্যাঙ্ক থেকে যে ঋণ নেন, তার সুদের একটি অংশ সরকার ভর্তুকি বা ইন্টারেস্ট সাবসিডি হিসেবে দেয়। এর ফলে ঋণের সুদের চাপ কমে এবং ছোট ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে সুবিধা হয়।
এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অর্থ কোনও মহিলার ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, বরং স্বনির্ভর গোষ্ঠীর যোগ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যেই প্রায় ২.৫ লক্ষ গোষ্ঠী ১৫০ কোটি টাকা পেয়েছে বলে জানানো হয়েছে। এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্ধারিত কিছু শর্ত রয়েছে। উপভোক্তাকে পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে এবং গোষ্ঠীর ব্যাঙ্ক ঋণের সুদের ভর্তুকির দাবি থাকতে হবে। ব্যাঙ্ক ও সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে তথ্য যাচাই বাধ্যতামূলক, পাশাপাশি গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে। WBSSP প্রকল্পের বিধি অনুযায়ী যোগ্য গোষ্ঠীর ঋণের সুদের বোঝা কমাতেই এই ভর্তুকি দেওয়া হয়।
টাকা পাঠানোর প্রক্রিয়া সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাঙ্কের তরফে ভর্তুকির দাবি জমা পড়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য যাচাই করে RTGS বা NEFT-এর মাধ্যমে যোগ্য গোষ্ঠীর অ্যাকাউন্টে টাকা পাঠায়। ফলে মাঝপথে কোনও মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না। পাশাপাশি মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে রাজ্যে ৩০০টি মাইক্রো প্রজেক্ট নেওয়ার কথাও জানানো হয়েছে। ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, হস্তশিল্প এবং স্থানীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার পাশাপাশি নিউটাউনের গৌরী মেলার মতো আয়োজনে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্য বিপণনের ব্যবস্থাও করা হয়েছে।