‘অহেতুক নির্বাচন পিছিয়ে দিতে চাই না’- কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় শুনানি কবে?

কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল। বুধবারের শুনানিতে রাজ্য সরকার তাদের অবস্থান ব্যাখ্যার জন্য সময় চেয়েছে। ফলে মামলার পরবর্তী শুনানি হবে সোমবার। মামলা কলকাতা হাইকোর্টে পাঠানো হবে কি হবে না, তা নিয়েও এ দিন কোনো সিদ্ধান্ত হয়নি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছে, তারা ভাবছে এই মামলাটি কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়ার কথা। প্রধান বিচারপতি বলেন, “আমরা দ্রুততার সঙ্গে বিষয়টির নিষ্পত্তি চাই।” এ দিন বিচারপতি জয়মাল্য বাগচী তাঁর পর্যবেক্ষণে বলেন, “আমরা অহেতুক নির্বাচন পিছিয়ে দিতে চাই না।” সোমবার এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দেয়, আসন পুনর্বিন্যাস নিয়ে পদ্ধতিগত ত্রুটির জেরে সিঙ্গল বেঞ্চে যে মামলা হয়েছিল, তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরভোট করা যাবে না। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।
উল্লেখ্য, রাজ্য সরকার কলকাতা পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত ৬ নভেম্বর ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মূল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের কোনো বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলে নির্দেশ দেয় । সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সওয়াল করেন, কলকাতায় শেষবার ওয়ার্ড পুনর্বিন্যাস হয়েছিল ১৯৮৪ সালে, দীর্ঘ ৪২ বছর পর জনসংখ্যা ও শহরের বিস্তারের কথা ভেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে । তবে আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট, রাজ্যের পদক্ষেপে মোটেও সন্তুষ্ট নন বিচারপতিরা।