পহেলগাঁও হামলার আগে ৩৭ বার কক্ষপথ বদল চিনা উপগ্রহের! মহাকাশ গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতে একটি মহাকাশ নজরদারি সংক্রান্ত বিশ্লেষণ সামনে এসেছে। বেঙ্গালুরু-ভিত্তিক মহাকাশ নজরদারি সংস্থা ‘দিগন্তরা’ (Digantara)-র ওই সমীক্ষায় দাবি করা হয়েছে, হামলার আগে-পরে পহেলগাঁও ও সংলগ্ন এলাকার ওপর নজরদারির সুযোগ বাড়ানোর লক্ষ্যে চিনের ভূ-পর্যবেক্ষণ উপগ্রহগুলি প্রায় ৩৭টি অস্বাভাবিক কক্ষপথ পরিবর্তন (orbital manoeuvre) করেছিল। তবে গবেষকদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই গতিবিধি থেকে নজরদারির সম্ভাবনার কথা বলা হলেও হামলার সঙ্গে চিনের সরাসরি যোগসূত্র বা জড়িত থাকার কোনও প্রমাণ মেলেনি।

সংস্থাটির স্পেস ডোমেইন অ্যাওয়ারনেস (এসডিএ) বিশ্লেষণে ২০২৫ সালের ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে মহাকাশে থাকা ১,৩৩২টি চিনা মহাকাশ বস্তুর গতিবিধি খতিয়ে দেখা হয়েছে। এর মধ্যে ১৯০টি বস্তু অন্তত একবার কক্ষপথ বদল করেছিল, যার মধ্যে ৩৭টি গতিপথ পরিবর্তন পহেলগাঁওয়ের ওপর পর্যবেক্ষণের সুযোগ বাড়ানোর দিক থেকে নজরে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৬ জনের প্রাণহানির ঘটনার ছয় দিন আগে, অর্থাৎ ১৬ এপ্রিল চিনের ‘ইয়াওগান-৩৫ ০১এ’ (Yaogan-35 01A) উপগ্রহটি কক্ষপথ বদলানোর পর পহেলগাঁওয়ের ওপর দিয়ে তার প্রদক্ষিণ বা যাতায়াতের হার দ্বিগুণ হয়। যদিও এটি ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ হিসেবে নথিভুক্ত, তবু প্রতিরক্ষা মহলে এর সম্ভাব্য সিগন্যালস ইন্টেলিজেন্স (SIGINT) ও ইলেকট্রনিক ইন্টেলিজেন্স (ELINT) সক্ষমতা নিয়ে আলোচনা রয়েছে।

২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় হামলার দিনের তথ্যও বিশ্লেষণে উঠে এসেছে। সেদিন হামলার পর বিকেল ৫টা ১৪ মিনিট ও ৫টা ৫৯ মিনিটে ‘ইয়াওগান-৩৯ ০১বি’ এবং ‘ইয়াওগান-৩৯ ০১সি’ নামে দুটি উপগ্রহ কক্ষপথ পরিবর্তন করে, যার ফলে ওই অঞ্চলের ওপর পরবর্তী নজরদারির সুযোগ তৈরি হয়। এ ছাড়া ২৯ এপ্রিল ৩৭টি এবং ৩০ এপ্রিল ৩১টি কক্ষপথ পরিবর্তনের তথ্য উঠে এসেছে, যা পহেলগাঁওয়ের পাশাপাশি শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ ও জম্মুর মতো এলাকার ওপর পর্যবেক্ষণের সুযোগ বাড়িয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, কক্ষপথ পরিবর্তনের অর্থই কোনও নির্দিষ্ট ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকা নয়—উপগ্রহের স্বাভাবিক কক্ষপথ সমন্বয় বা রুটিন ও কৌশলগত পর্যবেক্ষণের অংশ হিসেবেও এমন পরিবর্তন হতে পারে। এই বিশ্লেষণে হামলার পরিকল্পনায় চিনের ভূমিকা বা গোয়েন্দা তথ্য আদানপ্রদানের কোনও প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি।